Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার সঙ্গে সদ্য সম্পন্ন (Oil Import) বাণিজ্য-সমঝোতার পর ভারতের জ্বালানি নীতি ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ভবিষ্যৎ কী-তা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। সরকারি সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ভারত আপাতত রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করছে না, তবে পরিমাণ ধীরে ধীরে কমানো হতে পারে।
সূত্রের দাবি (Oil Import)
সূত্রের দাবি, ভারতের সব তেল শোধনাগারের (Oil Import) কাছে বিকল্প উৎসে দ্রুত সরে যাওয়ার সুযোগ নেই। ফলে হঠাৎ করে রুশ তেল আমদানি বন্ধ করা বাস্তবসম্মত নয়। যদিও এই বিষয়ে বিদেশ মন্ত্রক সরাসরি কোনও মন্তব্য করেনি, তারা আবারও স্পষ্ট করেছে-দেশের জ্বালানি নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার। বাণিজ্য-সমঝোতা ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছে।

আরও পড়ুন: Mid Day Meal Bihar: মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া, বিহারের স্কুলে চাঞ্চল্য!
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ভারতীয় শোধনাগারগুলির কাছে এখনও এমন কোনও আনুষ্ঠানিক নির্দেশ পৌঁছয়নি। বরং, নতুন করে রাশিয়ার সংস্থাগুলিকে তেল সরবরাহের বরাত না দেওয়ার বিষয়ে অনানুষ্ঠানিক পরামর্শ দেওয়া হয়েছে। আগের চুক্তিগুলি অবশ্য আপাতত বহাল থাকছে।

রুশ তেলের উপর নির্ভরতা কমিয়েছে
ইতিমধ্যেই কিছু রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি সংস্থা রুশ তেলের উপর নির্ভরতা কমিয়েছে। গত বছর আমেরিকার নিষেধাজ্ঞার পরে একাধিক সংস্থা সাময়িক ভাবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধও করেছিল। তবে সবচেয়ে বড় ক্রেতা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ কিছু সময় পরে আবার আমদানি শুরু করে। সূত্রের খবর, নির্দিষ্ট পরিমাণ তেল হাতে পাওয়ার পর তারাও ধাপে ধাপে রুশ তেল থেকে সরে আসতে পারে। একটি ব্যতিক্রমী পরিস্থিতিতে রয়েছে ন্যায়ারা এনার্জি। সংস্থাটির উল্লেখযোগ্য অংশীদার রুশ সংস্থা রসনেফ্ট হওয়ায় তাদের পক্ষে অন্য দেশ থেকে তেল সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। ফলে তারা এখনও বাধ্য হয়ে রাশিয়ার উপর নির্ভর করছে।


