Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা। ঠিক এই আবহে উত্তরবঙ্গের রায়গঞ্জে এক বড়সড় সাফল্য পেল পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ এবং রায়গঞ্জ পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় সাড়ে ৩ কোটি টাকার হেরোইন(Raigunj Heroine)। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের SOG (Special Operations Group) ও রায়গঞ্জ থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।
টিফিন বক্সের ভিতর হেরোইন! (Raigunj Heroine)
গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় ওত পাতে পুলিশের একটি বিশেষ দল। সেখানে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের! দেখা যায়, যুবকের কাছে থাকা একটি প্লাস্টিকের টিফিন বক্সের ভিতরে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছে ৭টি হেরোইনের প্যাকেট।
চক্রের খোঁজে পুলিশ (Raigunj Heroine)
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হেরোইনের মোট ওজন প্রায় ৭০০ গ্রাম। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা। পুলিশের জালে ধরা পড়া ওই মাদক পাচারকারীর নাম মহম্মদ সাব্বির শেখ (১৮)। সে মালদা জেলার কালিয়াচক থানার খাসচাঁদপুর গ্রামের বাসিন্দা। এত পরিমাণ মাদক সে কোথায় নিয়ে যাচ্ছিল এবং এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: Bangla Vote FB: বাংলাদেশে সাধারণ নির্বাচন, ভোটের লড়াই মাঠ-ময়দান থেকে সোশাল মিডিয়ায়, নজর ফেসবুকে
পুলিশের বড় সাফল্য (Raigunj Heroine)
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে থেকেই উত্তরবঙ্গের করিডরগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচনের আগে এই বিশাল পরিমাণ মাদক উদ্ধারকে পুলিশের বড় সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। গোয়েন্দাদের ধারণা, নির্বাচনের সময় কালো টাকা বা নেশার প্রভাব ছড়াতেই কি এই মাদক পাচারের চেষ্টা চলছিল? ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে সেই উত্তরই খুঁজছে রায়গঞ্জ থানার পুলিশ।



