Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডে আবারও সুখবর। অভিনেতা রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী অভিনেত্রী লিন লাইশরম-এর জীবনে শুরু হল এক নতুন অধ্যায় (Randeep Hooda Lin Laishram)। মা–বাবা হিসেবে তাঁদের জীবনের নতুন ইনিংস শুরু হয়েছে। ১০ মার্চ, মঙ্গলবার তাঁদের সংসার আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান। সুখবরটি নিজেই সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন রণদীপ, আর তাতেই আনন্দে ভেসেছে অনুরাগীরা।

বিবাহবার্ষিকীর দিনেই প্রথম সুখবর (Randeep Hooda Lin Laishram)
২০২৫ সালের ২৯ নভেম্বর, নিজেদের বিবাহবার্ষিকীর দিনই প্রথম সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন রণদীপ হুডা। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে মণিপুরের ইম্ফলে মেতেই রীতিতে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণদীপ ও লিন। বিয়ের মাত্র দুই বছরের মধ্যেই তাঁদের জীবনে এল এই বড় সুখবর। বিবাহবার্ষিকীর চার মাসের মধ্যেই দুই থেকে তিন হল তাঁদের পরিবার। বলিউডের জনপ্রিয় অভিনেতা হিসেবে রণদীপের পরিচিতি অনেক বেশি হলেও, লিন লাইশরমও নিজস্ব পরিচয়ে ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন চলচ্চিত্র জগতে।
ব্যক্তিগত জীবন সবসময়ই লাইমলাইটের বাইরে (Randeep Hooda Lin Laishram)
রণদীপ ও লিন বরাবরই তাঁদের ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে ভালোবাসেন। ফিল্মি প্রচারের বাইরে এই তারকা দম্পতিকে একসঙ্গে দেখা যায় খুবই কম। অনেকেই বলেন, তাঁদের একসঙ্গে দেখা পাওয়া যেন “অমাবস্যার চাঁদ দেখার” মতোই বিরল। প্যারেন্টহুডে পা দেওয়ার আগেও তাঁরা নিভৃত জীবনই বেছে নিয়েছিলেন। এবার সন্তান জন্মের পর তাঁদের জীবনে নতুন দায়িত্ব ও আনন্দ দুই-ই যোগ হল।

অভিনব ভঙ্গিতে বাবা হওয়ার সুখবর (Randeep Hooda Lin Laishram)
অনেক তারকাই সন্তানের জন্মের পর সদ্যোজাতের ছবি প্রকাশ্যে আনতে দ্বিধা করেন। কিন্তু সেই ক্ষেত্রে ব্যতিক্রমী পথ বেছে নিয়েছেন রণদীপ হুডা। ১০ মার্চ শুধু তাঁর কন্যাসন্তানের জন্মদিনই নয়, সেদিনই আবার তাঁর বাবার জন্মদিনও। সেই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে সদ্যোজাত নাতনিকে ঠাকুরদার কোলে দিয়ে একটি আবেগঘন ছবি পোস্ট করেন অভিনেতা। ছবির ক্যাপশনে বাবাকে উদ্দেশ করে তিনি লিখেছেন, “দাদু-নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা। আজ আমি বাবা হয়েছি, তাই তোমার প্রতি আমার কৃতজ্ঞতা আরও বেড়ে গেল। আর লিন আমাকে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের ছোট্ট রাজকন্যাকে পৃথিবীর আলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সারাজীবনের ভালোবাসা।” এই আবেগঘন বার্তা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
বন্ধুত্ব থেকে প্রেম, তারপর বিয়ে (Randeep Hooda Lin Laishram)
রণদীপ ও লিনের প্রেমকাহিনিও কম আকর্ষণীয় নয়। তাঁদের আলাপ হয়েছিল কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ-এর থিয়েটার গ্রুপ Motley-এর সূত্রে। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব, আর ধীরে ধীরে তা পরিণত হয় প্রেমে। শোনা যায়, কোভিডের সময় থেকেই একসঙ্গে থাকতে শুরু করেছিলেন তাঁরা। পরে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা ঘোষণা করেন। অবশেষে ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে ঐতিহ্যবাহী মেতেই রীতিতে তাঁদের বিয়ে হয়।
লিন লাইশরমের অভিনয়জীবন
রণদীপ হুডার মতো বলিউডে এতটা জনপ্রিয় না হলেও, লিন লাইশরম কাজ নির্বাচনের ক্ষেত্রে সবসময়ই সচেতন। তিনি প্রথম হিন্দি ছবিতে অভিনয় করেন ওম শান্তি ওম ছবির মাধ্যমে, যেখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। পরে তিনি অভিনয় করেছেন মেরি কম, রঙ্গুন এবং আখনি-র মতো ছবিতে। নিজের মণিপুরি সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে সংযোগ রেখে কাজ করার জন্যও তিনি পরিচিত।



