Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রঞ্জি ট্রফির সেমিফাইনালের (Ranji Trophy) দিকে এক পা বাড়িয়ে রাখল বাংলা। সুদীপ কুমার ঘরামি প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার দ্বিশতরান হাঁকিয়ে অপরাজিত রয়েছেন। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের তৃতীয় দিনের শেষে অন্ধ্রর চেয়ে প্রথম ইনিংসে বাংলা এগিয়ে ১২৩ রানে, হাতে রয়েছে চার উইকেট। অন্ধ্র প্রথম ইনিংসে তুলেছিল ২৯৫ রান। বাংলা এখনও পর্যন্ত ১৪৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪১৮ রান তুলেছে।
লিড আদায় করে নেয় বাংলা (Ranji Trophy)
ষষ্ঠ উইকেটে সুদীপ কুমার ঘরামি ও সুমন্ত গুপ্ত ৩৩৮ বলে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন। যার সুবাদে এদিন মধ্যাহ্নভোজের বিরতির সামান্য পরেই অন্ধ্রর বিরুদ্ধে প্রথম ইনিংসে মূল্যবান লিড আদায় করে নেয় বাংলা। এরপর অবিচ্ছেদ্য সপ্তম উইকেট জুটিতে ঘরামি ও শাকির হাবিব গান্ধী ২৪৭ বলে ১০০ রান যোগ করেছেন।
আরও পড়ুন: Teddy Day: নরম স্পর্শে ভরসার বার্তা, টেডি ডে-র ইতিহাস জানেন?
সুদীপ কুমার ঘরামি ২৭ বাউন্ডারির সাহায্যে ৪৫১ বলে ২১৬ রানে অপরাজিত আছেন। সুমন্ত গুপ্ত করেন ১৬৭ বলে ৮১ রান। তিনি মেরেছেন ৯টি চার ও একটি ছয়। শাকির হাবিব গান্ধী ১১৩ বলে ৪৫ রানে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার ও একটি ছয়। অন্ধ্রর বোলাররা শনিবার সারাদিনে মাত্র একটি উইকেটই নিতে পেরেছেন। সুমন্তকে ফেরান সৌরভ কুমার।


