Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অমৃতসরে একটি চাঞ্চল্যকর ভিডিও (Rat In Panipuri) সামনে আসতেই ফের প্রশ্নের মুখে রাস্তার খাবারের স্বাস্থ্যবিধি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ফুটপাতের দোকানে ফুচকার মশলা ও জলভর্তি বড় পাত্রের ভিতর থেকে হঠাৎ একটি জীবন্ত ইঁদুর বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই সেটি পাশের নর্দমায় পালিয়ে যায়। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ফেলেছে।
ফুচকা খাওয়াই বিপত্তি (Rat In Panipuri)
জানা গিয়েছে, ইনস্টাগ্রামে karan_dhanju26 নামে পরিচিত (Rat In Panipuri) এক কনটেন্ট ক্রিয়েটর বন্ধুর সঙ্গে গোলগাপ্পা খাচ্ছিলেন। সেই সময় বড় বাটির ভিতরে অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করেন তিনি। এরপরই দেখা যায়, মশলা ভরা পাত্রের ভিতর থেকে একটি ইঁদুর বেরিয়ে আসার চেষ্টা করছে। ভিডিওটিতে দোকানদারকে ইঁদুরটি সরানোর চেষ্টা করতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই প্রাণীটি লাফিয়ে পালিয়ে যায়। ওই ভ্লগার দাবি করেছেন, তিনি দোকানদারকে সঙ্গে সঙ্গেই সমস্ত খাবার ফেলে দিতে বলেন।

নিমেষে ভাইরাল ভিডিও (Rat In Panipuri)
তবে ইঁদুরটি কতক্ষণ ধরে পাত্রের ভিতরে ছিল, তা স্পষ্ট নয়। ভিডিও পোস্ট হতেই অল্প সময়ের মধ্যে লক্ষাধিক ভিউ হয় এবং নেটদুনিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়। অনেকেই ঘৃণা প্রকাশ করে রাস্তার খাবারের স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, ভিডিওটি সাজানো বা কৃত্রিম হতে পারে। তাঁদের দাবি, ঠেলাগাড়িটি বাইরে থেকে পরিষ্কারই দেখাচ্ছিল।

আরও পড়ুন: Russia: আমেরিকার চাপেই কি রাশিয়া থেকে তেল কেনা কমছে নয়াদিল্লির? কী বলছে পরিসংখ্যান?
খাদ্য সুরক্ষা নিয়ে আলোচনা
এই ঘটনার পর আবারও খাদ্য সুরক্ষা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রক সংস্থা (FSSAI)–এর নিয়ম অনুযায়ী, রাস্তার খাবার বিক্রেতাদের পরিষ্কার পরিবেশ, ঢাকা পাত্রে খাবার সংরক্ষণ এবং পোকামাকড় নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইঁদুরের সংস্পর্শে আসা খাবার খেলে পেটের সংক্রমণসহ নানা রোগের ঝুঁকি বাড়ে। তাই খাবার কেনার আগে দোকানের পরিচ্ছন্নতা ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


