Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সিকিমে পর্যটনের মরশুম শুরু হতেই (Sikkim Disaster) প্রকৃতির রোষে বিপর্যস্ত উত্তরাঞ্চল। টানা বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসে ভেঙে পড়েছে গুরুত্বপূর্ণ সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন তৈরি সেতুর অংশও। এর ফলে উত্তর সিকিমের মাঙ্গান জেলার লাচেন এলাকায় প্রায় এক হাজারেরও বেশি বাঙালি পর্যটক আটকে পড়েছেন। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাতভর রাস্তায় অপেক্ষা করতে হয়েছে বহু মানুষকে।
একাধিক জায়গায় ধস (Sikkim Disaster)
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রবল বৃষ্টিপাতের (Sikkim Disaster) কারণে একাধিক জায়গায় ধস নেমেছে। বিশেষ করে লাচেন থেকে চুংথাংয়ের সংযোগকারী রাস্তার বড় অংশ ভেঙে পড়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারুম চু সেতুর কাছেও বড় ফাটল ধরা পড়েছে। ফলে লাচেনের সঙ্গে সিকিমের অন্যান্য এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। দীর্ঘ গাড়ির সারিতে আটকে রয়েছেন পর্যটকেরা, অনেকেই চরম অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছেন।
প্রশাসনের দ্রুত পদক্ষেপ (Sikkim Disaster)
তবে প্রশাসন দ্রুত পদক্ষেপ করেছে। সোমবার সকাল থেকেই উদ্ধারকাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আইটিবিপি, বর্ডার রোডস সংস্থা, ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাবে। পর্যটকদের আশ্বস্ত করে জানানো হয়েছে, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অপেক্ষা করতে। পরিস্থিতি অনুকূল হলেই তাঁদের নিরাপদে সরিয়ে আনা হবে।

বৃষ্টির দাপট অব্যাহত
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন সিকিমে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। ১১ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় উদ্ধারকাজে চ্যালেঞ্জ বাড়তে পারে। তাই বিকল্প রুট ব্যবহার করে পর্যটকদের সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। লাচেন-লাচুং হয়ে গ্যাংটকের দিকে ঘুরপথে নিয়ে আসার উদ্যোগ চলছে।

আরও পড়ুন: Mani Kumar Chetri: প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি কুমার ছেত্রী, শতবর্ষ পেরিয়ে বিদায় কিংবদন্তির
প্রশাসনের পক্ষ থেকে জরুরি সাহায্যের জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। তবে প্রকৃতির এই আচমকা রুদ্ররূপে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আটকে থাকা পর্যটকরা।


