Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে বর্তমানে চলছে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR)। এই প্রক্রিয়ায় বহু নাগরিককে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ‘SIR’ বা স্পেশাল ইনকোয়ারি রিপোর্ট সংক্রান্ত শুনানির নোটিস পাঠানো হচ্ছে। এতদিন এই নোটিস পেলে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের দফতরে সশরীরে হাজির হয়ে নথিপত্র জমা দিতে হত। কিন্তু এবার সাধারণ মানুষের সুবিধার্থে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। এখন থেকে বাড়ি বসেই অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা।
কীভাবে অনলাইনে নথি জমা দেবেন? (SIR)
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, এই নয়া ব্যবস্থার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক এবং ছাত্রছাত্রীরা, যাঁরা পড়াশোনা বা কাজের সূত্রে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করছেন। সশরীরে উপস্থিত হওয়ার ঝক্কি কমলে ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, যদি আপনার কাছে একটি স্মার্টফোন থাকে, তবে নিচের ধাপগুলি অনুসরণ করে আপনি কাজ সম্পন্ন করতে পারেন:
১. প্রথমে ভোটারদের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://voters.eci.gov.in-এ যেতে হবে।
২. সেখানে হোমপেজে থাকা ‘Submit Document Against Notice Issued’ অপশনটিতে ক্লিক করতে হবে।
৩. এরপর নিরাপত্তার খাতিরে ওটিপি (OTP) যাচাইকরণের মাধ্যমে লগ-ইন করতে হবে।
৪. লগ-ইন করার পর নিজের ভোটার আইডি বা মোবাইল নম্বর ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
৫. আপনার কাছে আসা নোটিসের রেফারেন্স নম্বরটি (Reference Number) নির্দিষ্ট স্থানে উল্লেখ করতে হবে।
৬. সবশেষে নির্ধারিত নথিপত্রগুলি স্ক্যান করে বা পরিষ্কার ছবি তুলে আপলোড করে দিলেই আবেদন জমা পড়ে যাবে।

আরও পড়ুন:Kolkata Book Fair: টাকা দেননি ট্রাম্প, তাই কলকাতা বইমেলা থেকে সরে দাঁড়াল আমেরিকা?
নির্বাচন কমিশন জানিয়েছে, এই ডিজিটাল উদ্যোগের মূল লক্ষ্য হলো দূরে থাকা ভোটারদের হয়রানি কমানো। অনেক সময় কর্মস্থল থেকে ছুটি না পাওয়ায় বা দূরত্বের কারণে পরিযায়ী শ্রমিকরা শুনানিতে অংশ নিতে পারেন না, ফলে তাঁদের নাম বাদ পড়ার আশঙ্কা থাকে (SIR)। অনলাইন ব্যবস্থা সেই আশঙ্কা দূর করবে। কমিশনের তরফে সকল যোগ্য ভোটারকে নির্ধারিত সময়ের মধ্যে এই সুযোগ গ্রহণ করে নিজেদের তথ্য যাচাই করে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।


