Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে হারের পর অদ্ভুত যুক্তি দিতে শোনা গেল দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)।
অদ্ভুত যুক্তি সূর্যর (Suryakumar Yadav)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে ভারত। বাকি দুই ম্যাচ নিয়মরক্ষার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যেখানে বেশিদিন বাকি নেই সেখানে সব ম্যাচই একই ভাবে গুরুত্বপূর্ণ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ হারের পর আবার প্রশ্নের মুখে গম্ভীরের সিদ্ধান্ত। ফর্মে থাকা ঈশান কিষাণকে ঠিক কী কারণে দলে রাখা হলো না, তার কোনও স্পষ্ট উত্তর নেই। অন্যদিকে বরুণ চক্রবর্তীর মতো বোলারকে কেন প্রুথম একাদশে রাখেনি ভারতীয় দল সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। চতুর্থ ম্যাচে ৫০ রানে হারের পর অদ্ভুত যুক্তি শোনা গেল সূর্যকুমারের গলায়। যেখানে আবার বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। সূর্যের মতে, তাঁরা চ্যালেঞ্জ নিতে চেয়েছিলেন। তাই এভাবে খেলেছেন। নইলে অন্যভাবে খেলত ভারত (Suryakumar Yadav)।
যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরে নেওয়ার শেষ সুযোগ সেখানে ভারতের এই গা ছাড়া মনোভাব কি অহংকারের বহিঃপ্রকাশ নাকি আত্মতুষ্টিতে ভুগছে টিম ইন্ডিয়া, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে। তাছাড়া বারবার দল নিয়ে এমন পরীক্ষ-নিরীক্ষা করার সমালোচনা করেছেন সমর্থক থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতীয় ক্রিকেট সমর্থকদের প্রশ্ন গুরু গম্ভীরের কাছে যে এখনও কেন একটা সেট টিম নির্বাচন করতে পারছেন না কেন তিনি। বারবার দলের কম্বিনেশন পাল্টানোর খেসারত দিচ্ছে ভারতকে।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে একজন ব্যাটার কম নিয়ে মাঠে নামে ভারত। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই বিষয়ে অদ্ভুত সাফাই দিয়েছেন সূর্য। তিনি বলেন, ‘আমরা ইচ্ছা করেই ছয় ব্যাটার খেলিয়েছি। পাঁচ জন বিশেষজ্ঞ বোলার খেলাতে চেয়েছিলাম আমরা। নিজেদের চ্যালেঞ্জের মধ্যে ফেলতে চেয়েছিলাম।’ এরপরই সূর্য আরও যোগ করেন, ‘ধরুন, ১৮০–২০০ রান তাড়া করতে নেমে আমাদের শুরুতেই ২–৩ উইকেট পড়ে গেল, তখন দল কেমন খেলবে সেটা দেখতে চেয়েছিলাম। যদি তা না হত, তাহলে অন্য ভাবে খেলতাম (Suryakumar Yadav)।’

যতই এশিয়া কাপ জিতুক বা নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতুক ভারতের কিন্তু স্বস্তির কোনও জায়গা নেই। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে ওপেনে নেমে অভিষেক শর্মা রান না পেলে ভারতের ব্যাটিং লাইন-আপ বারবার ব্যর্থতার মুখে পড়ছে। দলে থাকলেও খেলানো হচ্ছে না শ্রেয়সকে। যা নিয়ে ভারতীয় দলের অধিনায়ক বলেন বিশ্বকাপের দলে যারা রয়েছেন তাদেরই খেলাতে চাওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে রবি বিষ্ণোইকে কেন পর পর দু’ম্যাচে খেলানো হল? তাহলে কি ওয়াশিংটন সুন্দরের বিশ্বকাপ খেলা একপ্রকার অনিশ্চিত? যার কোনও সদুত্তর নেই ভারতীয় দলের কাছ থেকে (Suryakumar Yadav)।
টস জিতে কেন বল করার সিদ্ধান্ত নিয়েছেন সূর্যকুমার সেই ব্যাখ্যাও দেন তিনি। সূর্য বলেন, ‘প্রথমে ব্যাট করলে আমরা বড় রান করছি। তাই দেখতে চাইছিলাম, ১৮০–২০০ রান তাড়া করতে নামলে আমরা কেমন খেলব। পাশাপাশি শুরুতে ২ থেকে ৩ উইকেট পড়ে গেলে কী হবে সেটাও দেখার ছিল। আমরা হেরেছি। তবে এই চ্যালেঞ্জটা দরকার ছিল। আশা করি পরের ম্যাচেও এই সুযোগটা পাব।’
ম্যাচ হারলেও শিবম দুবের লড়াইয়ের প্রশংসা করেছেন অধিনায়ক সূর্যকুমার। সূর্য বলেছেন, ‘শিশির পড়ছিল। এক-দুটো জুটি হলেই খেলা ঘুরে যেত। শিবম দারুণ খেলেছে। আর এক জনকে ও পেলে খেলার ফল অন্য রকম হত। আমরা ৫০ রানে হেরেছি। ঠিক আছে। পরের ম্যাচে আরও জুটি গড়তে হবে।’
কিন্তু বারবার ম্যাচ হারের পর এত ক্যাজুয়াল মনোভাব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে এই মুহূর্তে সব ম্যাচ সমান গুরুত্বপূর্ণ সেখানে বারবার কম্বিনেশন পাল্টানো নিয়ে ধেয়ে আসছে সমালোচনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিন্তু ভারতের চিন্তা মোটেই কমছে না বরং বাড়ছে (Suryakumar Yadav)।


