Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে মরিয়া ভারতীয় দল তেমন অন্যদিকে পয়া মাঠে ইতিহাসের পুনরাবৃত্তি করতে মুখিয়ে ওয়েস্ট ইন্ডিজ (T20 World Cup)।
মহারণে প্রস্তুত দুই দল (T20 World Cup)
রবিবাসরীয় ইডেনে সুপার এইটের ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরিসংখ্যান খুব একটা সুখকর নয় সূর্যকুমার যাদবদের। এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবার জিতেছে ক্যারিবিয়ানরা। একবার ভারত। তার উপর চলতি বিশ্বকাপে ইডেনে দু’টো ম্যাচ খেলে ফেলেছে সাই হোপরা। দশ বছর আগে এই ইডেনেই প্রথমবার টি-২০ বিশ্বকাপ হাতে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইডেন বরাবরই তাদের পয়া মাঠ। সেখানে চলতি এই বিশ্বকাপে প্রথমবার ইডেনে নামবেন সূর্যরা। হাই ভোল্টেজ ম্যাচের আগে তাই ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি জানিয়ে দিলেন দশ বছর আগে তৈরি ইতিহাসের পুনরাবৃত্তি রবিবার করতে চান তাঁরা (T20 World Cup)।
২০১৬ সালে তাঁর অধিনায়কত্বেই কাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। এবার তিনি কোচ। প্রতিপক্ষ দল হিসেবে ভারতকে যথেষ্ট সমীহ করছে ক্যারিবিয়ানরা। বিপক্ষ দলের ১১ জনকেই বিপজ্জ্বনক ক্রিকেটার বলে মনে করছেন ক্যারিবিয়ান কোচ। দশ বছর আগে ইডেনের সুখ-স্মৃতি শুনিয়েই গোটা দলকে অনুপ্রাণিত করছেন তিনি। ভারতের সফল স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়েও সমীহর সুর শোনা গেল স্যামির গলায়।

কঠিন চ্যালেঞ্জ স্বীকার করে নিলেও শনিবার অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল ওয়েস্ট ইন্ডিজ দলকে। জয় পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ক্যারিবিয়ান কোচ। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত যেভাবে প্রত্যাবর্তন করেছে, রবিবার ভারতের বিরুদ্ধে ঠিক সেটাই করতে চান। ভারতকে হারিয়ে সেমিফাইনালে পা রাখলেই মাঠেই বিশাল সেলিব্রেশনের পরিকল্পনাও করে রেখেছেন তাঁরা। কোন গানের তালে সেলিব্রেশন হবে, তাও ঠিক করে রাখা আছে বলে জানিয়ে দিলেন ক্যারিবিয়ান কোচ স্যামি (T20 World Cup)।

গ্রুপ পর্যায়ে দুই দলই দুরন্ত পারফরমেন্স করেছে। দুই দলেরই ব্যাটিং গভীরতা যথেষ্ট। তাই এই ম্যাচ যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে, তাতে কোনও সন্দেহ নেই। শনিবার অনুশীলনের জন্য ভারতীয় দল মাঠে পৌঁছতেই সোজা ইডেনের ২২ গজ পরীক্ষা করতে দেখা গেল কোচ গৌতম গম্ভীরকে। তবে ইডেনের উইকেট নিয়ে সন্তুষ্ট বলেই জানালেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুসখাতে। হাইস্কোরিং ম্যাচ হবে বলেই মনে করছেন তিনি।
আরও পড়ুন: Vijay Alta: রাজকীয় বিয়েতে কোন রীতি ভাঙলেন সাহসী বিজয়?
এই ম্যাচ জিততে হলে দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়া এবং একটা বড় পার্টনারশিপ হলেই কাজ সহজ হয়ে যাবে বলেই মনে করছেন রায়ান। রিঙ্কুর একাদশে ফেরার বিষয়ে তিনি জানান যে তাঁর প্রথম একাদশে ফেরার সম্ভাবনা কম। সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার ব্যাটিংয়ের প্রশংসাও শোনা গেল তাঁর গলায়। দু’জনই প্রথম একাদশে থাকবেন বলেই মনে করা হচ্ছে। তবে তিলক বর্মার ব্যাটিং অর্ডার কী হবে সেই বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
প্রথম একাদশে আসতে পারেন অক্ষর প্যাটেলও। কারণ শনিবার তাঁকে দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করতে দেখা গেল। এই ম্যাচে ‘ইডেনের ঘরের ছেলে’ স্পিনার বরুণ চক্রবর্তীকেও বিশেষভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়ে দিলেন রায়ান। ওয়েস্ট ইন্ডিজ অন্যতম সেরা দল। কঠিন চ্যালেঞ্জ হলেও ব্যাপারটাকে তাঁরা উপভোগ করছেন বলেই জানিয়ে দিলেন গম্ভীরের সহকারী (T20 World Cup)।


