Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কল রেকর্ডিং ফিচারকে ঘিরে বড়সড় পরিবর্তনের পথে হাঁটল জনপ্রিয় কলার আইডি অ্যাপ (Truecaller)। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৫ থেকে iPhone-এ কল রেকর্ডিং ফিচারটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। দুই বছর আগে চালু হওয়া এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় একপ্রকার হতাশ হবেন অনেক iOS ব্যবহারকারী, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
অ্যাপল নীতির সঙ্গে সমঝোতা নয় (Truecaller)
Truecaller-এর পক্ষ থেকে জানানো হয়েছে, iPhone-এ কল রেকর্ডিং ফিচার বাস্তবায়নের ক্ষেত্রে শুরু থেকেই একাধিক প্রযুক্তিগত বাধার সম্মুখীন হতে হয়েছে। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের তুলনায় iOS-এ কল রেকর্ডিং অনেক বেশি জটিল ও সীমাবদ্ধ। অ্যাপলের কঠোর গোপনীয়তা নীতির কারণে কোনও থার্ড-পার্টি অ্যাপ সরাসরি ফোনকল রেকর্ড করতে পারে না।

এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য Truecaller একটি বিকল্প পদ্ধতির আশ্রয় নিয়েছিল—এটি একটি ‘মার্জড রেকর্ডিং লাইন’-এর মাধ্যমে কল রেকর্ড করত, যেখানে মূল কলটি একটি অতিরিক্ত লাইনের সঙ্গে মার্জ করা হত। তবে এই প্রক্রিয়া ছিল জটিল এবং অনেক ক্ষেত্রেই নির্ভরযোগ্য নয়।
অ্যাপলের ইন-বিল্ট কল রেকর্ডিং আসায় বদল
Truecaller-এর এই সিদ্ধান্তের অন্যতম বড় কারণ iOS 18.1 আপডেটে অ্যাপলের নিজস্ব কল রেকর্ডিং ফিচার যুক্ত হওয়া। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ফোনকল রেকর্ড করতে পারবেন, কোনও অতিরিক্ত অ্যাপ ছাড়াই। শুধু তাই নয়, এতে AI-সাপোর্টেড ট্রান্সক্রিপশন (অর্থাৎ, কথোপকথনকে টেক্সটে রূপান্তর) ফিচারও থাকবে। এর ফলে Truecaller-এর মত থার্ড-পার্টি অ্যাপের কল রেকর্ডিং ফিচারের প্রয়োজন অনেকটাই কমে যাবে। সংস্থাটির iOS প্রধান নকুল কাবরা আন্তর্জাতিক সংবাদমাধ্যম TechCrunch-কে জানিয়েছেন, “আমরা এখন আমাদের মূল ফিচারগুলির মানোন্নয়নে মনোযোগ দিতে চাই। যেমন — লাইভ কলার আইডি, স্প্যাম ব্লকিং ইত্যাদি।”
পুরনো রেকর্ডিং থাকবে সংরক্ষিত
যদিও iPhone-এ কল রেকর্ডিং ফিচার বন্ধ হয়ে যাচ্ছে, তাতে আগের রেকর্ডিং ডিলিট হয়ে যাবে না। ব্যবহারকারীরা তাঁদের পুরনো রেকর্ডিং গুলি ডাউনলোড, ই-মেল, হোয়াটসঅ্যাপ অথবা iCloud-এ সংরক্ষণ করতে পারবেন। এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিতে Truecaller একটি হেল্প পেজ চালু করেছে।
ভবিষ্যৎ – এর রূপরেখা
বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারী ব্যবহার করেন মূলত স্প্যাম কল আটকাতে এবং অপরিচিত নম্বর শনাক্ত করতে। ভবিষ্যতে সংস্থাটি তার এই ‘মূল শক্তি’ অর্থাৎ স্প্যাম সনাক্তকরণ এবং কলার আইডি পরিষেবার মানোন্নয়ন-এ জোর দিতে চলেছে।
আরও পড়ুন: Ghatal Flood Situation: ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, দিলেন অ্যাকশনের হুঁশিয়ারি!
এই পরিবর্তন নিঃসন্দেহে iOS ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তবে কল রেকর্ডিং ছাড়াও, Truecaller-এর অন্যান্য ফিচার এখনো যথেষ্ট প্রাসঙ্গিক এবং কার্যকরী—এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশারদরা।


