Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের ময়দানে এবার ‘সেলিব্রিটি’ নয়, বরং রাজনীতির মঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রার্থী তালিকায় গুরুত্ব দিল তৃণমূল। খাঁটি সাংগঠনিক শক্তিকেই হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের তালিকায় বড় চমক হল ‘চমকের অভাব’(TMC Candi List)। তারকাদের ঝলমলানি সরিয়ে এবার আগাগোড়া রাজনীতির মাঠে লড়াই করা মুখদের ওপরই বাজি ধরলেন দলনেত্রী।
নবীন-প্রবীণের অদ্ভুত ভারসাম্য ’(TMC Candi List)
পোড় খাওয়া বিধায়কদের প্রাধান্য দিয়ে সাজানো এই তালিকায় নবীন-প্রবীণের এক অদ্ভুত ভারসাম্য লক্ষ্য করা গেল। যারা টিকিট পাননি, তাঁদেরও সংগঠনে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাদ পড়েছেন ৭৪ জন বিধায়ক
তালিকা থেকে বাদ পড়েছেন ৭৪ জন বিধায়ক। বাদ পড়াদের তালিকায় নাম রয়েছে প্রতিমন্ত্রী জ্যোত্স্না মান্ডি এবং তাজমূল হোসেনের। এছাড়াও ক্রীড়া জগত থেকে রাজনীতিতে আসা মনোজ তিওয়ারি এবং অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের নামও নেই এবারের তালিকায়। বাদ গিয়েছেন তপন দাশগুপ্ত, নির্মল ঘোষ, অসিত মজুমদার, মনোরঞ্জন ব্যাপারী এবং বিবেক গুপ্তার মতো পরিচিত মুখেরা। বাদ পড়েছে পরেশ পালের নামও। অভিনেতা-রাজনীতিবিদ চিরঞ্জিৎ চক্রবর্তীর নামও বাদ পড়েছে তালিকা থেকে।
নাম বাদ পার্থ-মানিকের
তবে পানিহাটির দীর্ঘদিনের বিধায়ক নির্মল ঘোষ টিকিট না পেলেও, তাঁর বদলে তাঁর ছেলেকে প্রার্থী করে পরিবারে ভারসাম্য বজায় রেখেছে দল। এন্টালির বিধায়ক স্বর্ণ কমল সাহাও বাদ পড়েছেন তালিকা থেকে। বাদ পড়েছেন সুপ্তি পাণ্ডে। বাদ পড়েছেন হেভিওয়েট নাম রত্না দে নাগ। এছাড়াও তালিকায় জায়গা হয়নি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যের।
প্রার্থী তালিকায় একঝাঁক নতুন মুখ ’(TMC Candi List)
অরাজনৈতিক মুখ না থাকলেও প্রার্থী তালিকায় রয়েছে একঝাঁক নতুন মুখ। বেলেঘাটা থেকে লড়বেন প্রথমবার বিধানসভার লড়াইয়ে নামা কুণাল ঘোষ। রাজগঞ্জ থেকে লড়বেন সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ। চুঁচুড়ায় তৃণমূলের তুরুপের তাস দেবাংশু ভট্টাচার্য। আবার বাঁকুড়ার রানিবাঁধের শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা কিংবা তুফানগঞ্জের প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, এঁদের সকলেই সমাজ বা খেলার মাঠে পোড়খাওয়া ব্যক্তিত্ব।

আরও পড়ুন: Nandigram Contest: নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কে? কে ঘাসফুলের তুরুপের তাস?
সংগঠন বনাম সংগঠনের লড়াই ’(TMC Candi List)
চণ্ডীপুর থেকে সরিয়ে অভিনেতা সোহম চক্রবর্তীকে পাঠানো হয়েছে করিমপুরে। আমডাঙার পীরজাদা কাশেম সিদ্দিকি এবং ভাঙড়ের শওকত মোল্লাকে সামনে রেখে সংখ্যালঘু ভোটেও শান দিয়েছে ঘাসফুল শিবির। ‘রুপালি মুখ’ বাদ দিয়ে পোড়খাওয়া রাজনীতিকদের নামিয়ে মমতা আসলে সংগঠন বনাম সংগঠনের লড়াইয়ের প্রস্তুতি সেরে ফেললেন। এখন দেখার, এই রণকৌশল ছাব্বিশের বৈতরণী পার করতে কতটা সফল হয়।



