Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাতের অন্ধকারে এমন এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকল স্পেন (Spain), যা যেন রূপোলি পর্দার কোনও বিপর্যয়মূলক দৃশ্যকেও হার মানায়। দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে মুখোমুখি দুটি হাইস্পিড ট্রেনের সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ২১ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন কমপক্ষে ৭০ জন। দুর্ঘটনার অভিঘাতে দুমড়েমুচড়ে গিয়েছে রেলট্র্যাক, লাইনচ্যুত হয়েছে একটি ট্রেন, আর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বহু যাত্রী।

ট্র্যাক বদলের সময় মারাত্মক ভুল? (Spain)
রবিবার গভীর রাতে মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাইস্পিড যাত্রীবাহী ট্রেন ট্র্যাক পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। সেই সময়ই একই লাইনে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল আর একটি হাইস্পিড ট্রেন। মুহূর্তের মধ্যেই ঘটে যায় ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ। দুটি ট্রেনই ছিল অত্যধিক গতিতে, ফলে বিপদের আঁচ পেয়েও চালকরা আর কিছু করার সুযোগ পাননি। সংঘর্ষের তীব্রতায় একটি ট্রেন সম্পূর্ণভাবে লাইনচ্যুত হয়ে যায়। বহু কামরা ছিটকে পড়ে আশপাশে, কোনও কোনও অংশ অন্তত চার মিটার দূরে গিয়ে পড়ে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ।
প্রশ্নের মুখে রেল নিরাপত্তা ব্যবস্থা (Spain)
দুর্ঘটনার পর স্পেনের আদিফ রেল নেটওয়ার্কের তরফে ঘটনাস্থলের ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রেললাইনের পাতগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আশ্চর্যের বিষয়, এই রেলট্র্যাক নাকি খুব সম্প্রতি সংস্কার করা হয়েছিল। তা হলে কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে প্রশাসনের অন্দরমহলে। স্পেনের পরিবহণ মন্ত্রী অস্কার পুয়েন্তে নিজেও বিস্ময় প্রকাশ করে বলেন, “দুর্ঘটনার ধরন অত্যন্ত অদ্ভুত। কীভাবে দুটি ট্রেন এভাবে একই ট্র্যাকে মুখোমুখি এসে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
মৃত্যু ছুঁয়ে জীবিতদের উদ্ধার (Spain)
সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে উদ্ধারকারী দলকে। দুর্ঘটনার জেরে পণ্যবাহী কামরাগুলি সম্পূর্ণ দুমড়ে গিয়েছে, রেলপাত বিকৃত হয়ে গিয়েছে। সেই ধ্বংসস্তূপের ভিতরেই আটকে রয়েছেন বহু মানুষ। উদ্ধারকারী বিভাগের প্রধান ফ্রান্সিসকো কারমোনা জানান, “জীবিতদের উদ্ধার করতে আমাদের মৃতদেহের উপর দিয়ে যেতে হচ্ছে। পরিস্থিতি ভয়াবহ। প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সাবধানে নিতে হচ্ছে। নানা কৌশল প্রয়োগ করে উদ্ধার চালাতে হচ্ছে।” এই ভয়াবহ পরিস্থিতিতে রাতভর পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: Mumbai: মুম্বইয়ে ফের রিসর্ট রাজনীতি: বিএমসি জিততে প্রতিনিধিদের পাঁচতারা হোটেলে পাঠাল শিন্ডে শিবসেনা
“একটি অভিশপ্ত ও যন্ত্রণাদায়ক রাত”
দুর্ঘটনার খবর পাওয়ার পরই জরুরি ভিত্তিতে পরিস্থিতি খতিয়ে দেখেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “এটি স্পেনের জন্য এক অভিশপ্ত ও যন্ত্রণাদায়ক রাত। নিহতদের পরিবারগুলির পাশে সরকার রয়েছে।” তিনি জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং কারও গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।



