Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বছরের শেষ লগ্ন হোক কিংবা নতুন বছরের সূচনা ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে মথুরা-বৃন্দাবনে ভক্তসমাগম নতুন কোনও ঘটনা নয় (Vrindavan Banke Bihari)। দেশ-বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী এই সময়ে বৃন্দাবনের পথে পা বাড়ান। তবে চলতি বছরে সেই ভিড় এতটাই বেড়েছে যে, তা সামাল দেওয়াই প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ভক্তদের উদ্দেশে বিশেষ আবেদন (Vrindavan Banke Bihari)
বৃন্দাবনের অন্যতম প্রধান তীর্থস্থান শ্রী বাঁকে বিহারী মন্দির কর্তৃপক্ষ ভক্তদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। মন্দির কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বৃন্দাবন সফর এড়িয়ে চলতে। রবিবার জারি করা এই নির্দেশিকার মূল উদ্দেশ্য ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বৃন্দাবনে ভক্তদের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে মন্দির চত্বর এবং আশপাশের এলাকায় কার্যত পা ফেলার জায়গা নেই। বিশেষ করে বাঁকে বিহারী মন্দির সংলগ্ন সরু গলিগুলিতে হাঁটাচলাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। ভিড়ের চাপে যে কোনও সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অসুস্থদের নিয়ে আসতে নিষেধাজ্ঞা (Vrindavan Banke Bihari)
মন্দির কমিটির পক্ষ থেকে আরও স্পষ্ট করে জানানো হয়েছে, এই সময়ে যাঁরা বৃন্দাবনে আসার পরিকল্পনা করছেন, তাঁরা যেন শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং বিশেষ ভাবে সক্ষমদের সঙ্গে না আনেন। ভিড় কিছুটা নিয়ন্ত্রণে এলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই তাঁদের নিয়ে আসা নিরাপদ হবে বলে মত মন্দির কর্তৃপক্ষের। ভক্তদের উদ্দেশে পরামর্শ দেওয়া হয়েছে, ৫ জানুয়ারির পর পরিস্থিতি পর্যালোচনা করে তবেই সফরের পরিকল্পনা করতে।

আরও পড়ুন: Winter Hunger: শীত এলেই খিদে কেন বেড়ে যায়?
যানজট ও দুর্ঘটনা রুখতে উদ্যোগ
ভিড় সামলাতে মথুরা জেলা প্রশাসনও একাধিক কড়া সিদ্ধান্ত নিয়েছে। বৃন্দাবনের রাস্তায় যানজট কমাতে বাইরে থেকে আসা যাত্রিবাহী বড় গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শহরের সমস্ত প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে বড় গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি, প্রশাসনের তরফে নির্দিষ্ট পার্কিং এলাকায় গাড়ি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুণ্যার্থী ও পর্যটকদের নির্বিঘ্ন যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।



