Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের বিদায় হতেই (WB Weather) বসন্তের আমেজ উপভোগ করার আগেই আবহাওয়ার খামখেয়ালিতে নতুন চিন্তা তৈরি হয়েছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস অনুযায়ী এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। রবিবার থেকেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি করা হচ্ছে হলুদ সতর্কতা।
রবিবার থেকে জোরদার বৃষ্টি (WB Weather)
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার থেকে বৃষ্টি (WB Weather) শুরু হয়ে সোমবার আরও জোরদার হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। অনেক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি ও নদিয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দুই দিন নয়, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে বলেও জানানো হয়েছে।

উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা (WB Weather)
উত্তরবঙ্গেও আবহাওয়ার বদল স্পষ্ট হতে চলেছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে কলকাতায় আপাতত তাপমাত্রা কিছুটা বেড়েছে। শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৩.৭ ডিগ্রিতে। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশ বেশি। তবে রবিবার থেকে আবহাওয়ার এই বদলেই স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।



