Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শুরু হয়ে গিয়েছে বড়দিনের কাউন্টডাউন (Weather Kolkata)। শহর জুড়ে উৎসবের প্রস্তুতি, আলো-রঙের সাজ আর তারই সঙ্গে শীতপ্রেমীদের জন্য এল আবহাওয়ার বড় উপহার। তিলোত্তমা কলকাতায় একলাফে নামল তাপমাত্রার পারদ। শনিবার যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, রবিবার ভোরে তা নেমে দাঁড়াল ১৪.৪ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে প্রায় ০.৭ ডিগ্রি কম। ফলে বড়দিনের আগেই শীতের আমেজে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরবাসী।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Kolkata)
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী চার দিনে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে বড়দিন, অর্থাৎ ২৫ ডিসেম্বরের পর ধীরে ধীরে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অর্থাৎ উৎসবের রেশ কাটতেই শীত আরও জাঁকিয়ে বসতে পারে দক্ষিণবঙ্গে।
‘ক্রিজে টিকে থাকা’ শীতের মরশুম (Weather Kolkata)
চলতি শীতের মরশুমের শুরু থেকেই আবহাওয়া ছিল খানিকটা অনিশ্চিত। অল্প অল্প করে নামছিল তাপমাত্রা, কিন্তু শীতের ধার তেমনভাবে টের পাওয়া যাচ্ছিল না। তার উপর বড়দিনের আগেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আচমকাই বেড়ে গিয়েছিল তাপমাত্রা। ফলে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল এ বছর কি আদৌ শীতসুখ মিলবে? রবিবারের পারদপতনে সেই আশঙ্কা কিছুটা হলেও কেটেছে।
শুষ্ক আবহাওয়া, কুয়াশার দাপট (Weather Kolkata)
আবহাওয়া দপ্তরের মতে, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা ধীরে ধীরে বাড়বে বলে জানানো হয়েছে।
জেলার তাপমাত্রার চিত্র (Weather Kolkata)
সোমবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে ১১ ডিগ্রি, শিলিগুড়িতে ১৪ ডিগ্রি এবং কোচবিহারে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে পারদ। দক্ষিণবঙ্গে, সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে অর্থাৎ ২২ ডিসেম্বর মেদিনীপুর, দিঘা ও ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৪ ডিগ্রি। পুরুলিয়ায় তা নামতে পারে ১১ ডিগ্রিতে, দমদম ও সল্টলেকে থাকতে পারে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: Calcutta High Court: কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তিতে হুমায়ুন কবির
কাশ্মীরে মরশুমের প্রথম তুষারপাত
এদিকে শীতের আমেজে একেবারে ভিন্ন ছবি কাশ্মীরে। সেখানে মরশুমের প্রথম তুষারপাত হয়েছে। সাদা চাদরে ঢেকে গিয়েছে পাহাড়-উপত্যকা। স্বাভাবিকভাবেই খুশি পর্যটকেরা। মৌসম ভবন জানিয়েছে, সোমবারও কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বড়দিনের আগে পারদপতন শহরবাসীর মুখে হাসি ফোটাচ্ছে। এখন দেখার, উৎসবের দিনগুলোতে কলকাতা ও বাংলার মানুষ কতটা উপভোগ করতে পারেন এই বহু প্রতীক্ষিত শীতের স্বাদ।



