Last Updated on [modified_date_only] by Aditi Singha
প্রতিবেদন: সুকৃতি কে টিভি বাংলা ডিজিটাল: ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে ইদের দিন বৃষ্টির সম্ভাবনা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে (Weather Kolkata)। এই ঘূর্ণাবর্ত থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যে অক্ষরেখাটি ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং অসমের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে আমাদের রাজ্যেও। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ হয়ে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝড়বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতি থাকবে। তাপমাত্রাও নেমেছে স্বাভাবিকের নীচে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Kolkata)
কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে (Weather Kolkata)। দমকা হাওয়া থাকবে। হাওয়ার গতিবেগ থাকবে – ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই ঝড়বৃষ্টি চলছে। শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৬০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে তাপমাত্রা।

কলকাতা আবহাওয়া (Weather Kolkata)
বৃষ্টির জন্য একধাক্কায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামল। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা – ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা – ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আজ, শনিবার মেঘলা আকাশ। ঝড়বৃষ্টিতে রাতের তাপমাত্রা অনেকটাই কমেছে। কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। আজ কলকাতার তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে।
আরও পড়ুন: CEO Complain Cell: ৮ ঘণ্টার মধ্যে অভিযোগ নিষ্পত্তির লক্ষ্য, সিইও দফতরে বিশেষ কমপ্লেন সেল

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কালবৈশাখী এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার ঝড়বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি থাকবে ৷



