ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাদ্র মাস পড়তেই বৃষ্টি থামবে (Weather Update) বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু প্রকৃতির চেহারা বদলাল না। বরং কখনও ঘূর্ণাবর্ত, কখনও নিম্নচাপ, এই দুইয়ের দাপটে দক্ষিণবঙ্গ জুড়ে আবারও শুরু হয়েছে টানা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার (২২ অগস্ট) থেকে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে (Weather Update)
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় (Weather Update) পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার উচ্চতা প্রায় ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা জয়সলমের, কোটা, রাঁচী, বাঁকুড়া, দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার ফলে বৃষ্টির পরিবেশ এখনও অনুকূল রয়েছে।
আজকের আবহাওয়া (Weather Update)
আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৯ ডিগ্রি (Weather Update) সেলসিয়াস। আকাশ থাকবে মেঘলা, দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু আজই নয়, শনিবার এবং সোমবারও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ থেকে শুরু করে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে। আজ বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দুর্যোগ চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।
উত্তরের কী অবস্থা?
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষার প্রভাব স্পষ্ট। আজ শুক্রবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শনিবার দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ঘেঁষা জেলাগুলির জন্য সোমবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Joint Entrance: প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তর ওড়িশা উপকূল ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইবে, যার বেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেই কারণে সমুদ্রের এই অঞ্চলে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী শনিবার পর্যন্ত।


