Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গে অবশেষে (Weather Update) স্বস্তির হাওয়া। গত কয়েক দিনের তীব্র গরম ও ভ্যাপসা অস্বস্তির পর আবহাওয়ায় বদলের ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া, ফলে তাপমাত্রায় সামান্য পতন হলেও স্বস্তি মিলবে গরমের দাপট থেকে।
আকাশে মেঘের আনাগোনা (Weather Update)
রবিবার থেকেই আকাশে মেঘের আনাগোনা (Weather Update) শুরু হয়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। সোমবার সকালেও আকাশ আংশিক মেঘলা রয়েছে, সঙ্গে বইছে দমকা হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

ঝড়-বৃষ্টির দাপট (Weather Update)
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গনা পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে হুগলি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

আরও পড়ুন: Rahul Death Update: রাহুলের মৃত্যুর প্রতিবাদ, টলিপাড়ায় বন্ধ শুটিং!
চৈত্রের দাবদাহে খানিকটা স্বস্তি
এই আবহাওয়া বদলের প্রভাব ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রায় পড়েছে। সোমবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২২ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় বেশ কম। ফলে চৈত্রের দাবদাহের মাঝেই কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। তবে আবহাওয়া দফতরের পরামর্শ, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সময় সতর্ক থাকা জরুরি।


