Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার রাতেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল ১৯ ডিগ্রি সেলসিয়াসে (Weather Update)। গত কয়েকদিন ধরে যে শীতের হাওয়ায় বাঙালি কিছুটা স্বস্তি পেয়েছিল, তা কার্যত উধাও। পাখা বন্ধ করে চাদর জড়িয়ে ঘুমানোর সেই আমেজ আপাতত বিরতিতে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ! (Weather Update)
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর মাঝখানে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। তার জেরে তামিলনাড়ুতে বৃষ্টি চলছে। বাংলা থেকে বহু দূরের এই নিম্নচাপই মূলত শীতকে সরিয়ে দিয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে।
নতুন ঘূর্ণাবর্তের সম্ভাবনা (Weather Update)
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা সোমবার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে অন্ধ্র ও ওডিশার উপকূলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলার আকাশে জলীয় বাষ্পের বৃদ্ধি (Weather Update)
নিম্নচাপের ফলে বাংলার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে সামান্য প্রভাব পড়তে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ভোরের দিকে কোথাও হালকা কুয়াশাও দেখা যেতে পারে।
উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা (Weather Update)
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গেও পারদ কিছুটা চড়বে। সমতল ও তরাই অঞ্চলের তাপমাত্রা বাড়বে, আর পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে উত্তরবঙ্গেও শীতের তীব্রতা কিছুটা কমবে।

আরও পড়ুন: Pakistan: জঙ্গিবাদের আধুনিক সংস্করণ: ভারতবিরোধী নয়া পাক মডিউল
শীতের প্রত্যাবর্তন কবে?
নিম্নচাপের প্রভাব কাটতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে শীত ফিরে আসবে। তাই আপাতত অপেক্ষা বঙ্গবাসীর নিম্নচাপ কেটে গেলে ফের চাদর টেনে নেওয়ার দিন আসবে।



