Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: সুপরিচিত বড় মদের ব্র্যান্ডের আড়ালে বিষাক্ত মদ বিক্রি! মধ্যপ্রদেশে ফের বিষমদের তাণ্ডবে (Spurious Liquor) মৃত্যু। শনিবার রাতে বিষাক্ত মদ খেয়ে সাগর জেলার বরাজ গ্রামে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। আশঙ্কাজনক অবস্থায় আরও অন্তত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন।
দেদার বিক্রি বিষমদ! (Spurious Liquor)
পুলিশ সুপার অনুরাগ সুজানিয়া জানিয়েছেন, শনিবার রাতে বরাজ গ্রামে একসঙ্গে কয়েক জন মদ পান করছিলেন (Madhya Pradesh)। কিছুক্ষণের মধ্যেই তীব্র শারীরিক অস্বস্তি শুরু হয় এবং কয়েক জন অনবরত বমি করতে থাকেন। দ্রুত অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা ৫ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ৬ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। জেলাশাসক ইতিমধ্যেই পুরো ঘটনাটি খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।
এই মর্মান্তিক দুর্ঘটনার পিছনে আবগারি দফতরের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিন চারেক আগেই এক স্থানীয় ঠিকাদার আবগারি দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর দাবি ছিল ‘বম্বে হুইস্কি’ নামক পপুলার ব্র্যান্ডের বোতলে মারাত্মক ভেজাল মদ (Spurious Liquor) মিশিয়ে স্থানীয় দোকানগুলিতে সরবরাহ করা হচ্ছে। আবগারি দফতরের বৈঠকে সমস্ত ঠিকাদারা একজোট হয়ে বেআইনি বিষমদ কারবারের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি তুলেছিলেন।
আরও পড়ুন:Kashmir Tourism: তুষারপাতের সাদা চাদরে বদলে গেল কাশ্মীর, পর্যটকদের ভিড়ে জমজমাট ‘ভূস্বর্গ’
ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। আবগারি দফতরের দল বরাজ গ্রামের বিভিন্ন দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ মদের বোতল বাজেয়াপ্ত করেছে। মদের নমুনাগুলি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। কে বা কারা এই বিষাক্ত মদ বিক্রির চক্রটি চালাচ্ছিল, তা খতিয়ে দেখতে এফআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ।


