Last Updated on [modified_date_only] by Sumana Bera
অভ্রদ্বীপ দাস, কলকাতা: রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম (SSKM)। সেই হাসপাতাল চত্বরেই দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকা শুকনো গাছ। মৃত্যু এক মহিলার। মৃতার নাম রাহিদা বিবি (৪৬)। বীরভূমের নলহাটির বাসিন্দা।
হাসপাতাল নাকি বিপদফাঁদ? (SSKM)
চিকিৎসাধীন স্বজনের দেখাশোনার জন্য এসেছিলেন হাসপাতালে। সোমবার সকাল ৮টা নাগাদ এসএসকেএম হাসপাতালের (SSKM) ইউরোলজি বিভাগের ওপিডি-র সামনে কংক্রিটের বেঞ্চে বসেছিলেন রাহিদা। আচমকাই সুবিশাল শুকনো গাছটি ভেঙে পড়ে তাঁর ওপর। গুঁড়ির নিচে চাপা পড়ে ধুলোয় মিশে গেল একটি পরিবার।
আরও পড়ুন: Kolkata Police : লালবাজার নয় ! কলকাতার ব্যাঙ্কগুলির নিরাপত্তায় বড় বদল
ঘটনাস্থলেই গুরুতর আহত হন রাহিদা বিবি সহ আরও দুজন। ৬৮ বছরের জিল্লার রহমান ও ৭৬ বছরের শিস মহম্মদ শেখ। দ্রুত ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি, রাহিদাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকিরা এখনও চিকিৎসাধীন।
কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন
একটি সুপার স্পেশালিটি হাসপাতালের (SSKM) ভিড়ে ঠাসা জায়গায় দিনের পর দিন ডেড-ট্রি (শুকনো গাছ) বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রইল কীভাবে? কেন আগেভাগে তা কেটে ফেলা হল না? হাসপাতাল প্রশাসনের চরম উদাসীনতা ও গাফিলতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ পৌঁছলেও, স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। মৃতদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।


