Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শিল্পী ও শিল্পীমনস্ক মানুষদের সঠিক কর্মপথ দেখানো এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল নিউ ইন্ডিয়ান কালচারাল ফোরাম (NICF)। ২১ অগস্ট সন্ধ্যায় কলকাতার সেক্সপিয়র সরণির ভারতীয় ভাষা পরিষদ মঞ্চে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল এই সাংস্কৃতিক সংগঠন। এদিন সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা হয় তাদের উদ্দেশ্য, কর্মপরিকল্পনা এবং আগামী দিনের ভাবনা।

‘কর্ম, ধর্ম ও জাতীয়তাবাদ’ (NICF)
সংগঠনের সম্পাদক বাপ্পাদিত্য চক্রবর্তী জানান, NICF-এর মূল পরিধি তিনটি বিষয়কে কেন্দ্র করে—‘কর্ম, ধর্ম এবং জাতীয়তাবাদ’। বিনোদন, চলচ্চিত্র, যাত্রা, নাটক ও সংগীতের মতো সাংস্কৃতিক ক্ষেত্রগুলিতে কাজের সুযোগ তৈরি করাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। তবে শুধু শিল্পচর্চা নয়, শিল্পীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ফোরাম।
মানবসেবাই ধর্ম, সমাজসেবাতেও থাকবে জোর (NICF)
NICF-এর পরিকল্পনায় সংস্কৃতির পাশাপাশি সমাজসেবাও গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। পথকুকুরসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবাকে ‘মানব ধর্ম’ হিসেবে পালন করার কথা জানানো হয়েছে। সুস্থ পরিবেশ ও ইতিবাচক সংস্কৃতির মাধ্যমে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের বিভিন্ন প্রান্তে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যও রয়েছে সংগঠনের।
সরকারের কাছে দাবি নয় (NICF)
বাপ্পাদিত্য চক্রবর্তী স্পষ্ট করে জানান, পশ্চিমবঙ্গ সরকারের কাছে তাদের কোনও দাবি নেই। বরং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার ও প্রসারে সহযোগিতা করতে চায় NICF। সেই উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে একটি নিউজ পোর্টাল চালুর পরিকল্পনাও রয়েছে। মানুষের ইতিবাচক কর্মকাণ্ড ও সাফল্যের কথা তুলে ধরাই হবে সেই পোর্টালের অন্যতম লক্ষ্য।

শিল্পীদের পাশে মেডিক্লেম ও কাজের প্রতিশ্রুতি (NICF)
NICF-এর সভাপতি রাহুল বর্মণ জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। তাঁর বক্তব্যে উঠে আসে শিল্পীদের কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক সুরক্ষার বিষয়টিও। তিনি ঘোষণা করেন, সংগঠনের প্রতিটি সদস্যকে মেডিক্লেমের সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, শিল্পীদের বিপদের সময় পাশে থাকার পাশাপাশি তাঁদের কাজের সুযোগ তৈরি করাও অত্যন্ত জরুরি।
অভিজ্ঞদের হাত ধরে নতুন সাংস্কৃতিক অধ্যায়ের সূচনা
সাংসদ ও অভিনেত্রী পাপিয়া অধিকারী NICF-কে একটি সদ্যোজাত শিশুর সঙ্গে তুলনা করে বলেন, সংগঠনের ‘হাত-পা-মাথা’ হিসেবে যাঁরা রয়েছেন, তাঁরা প্রত্যেকেই অভিজ্ঞ। দীর্ঘদিন বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত প্রতিভাবান মানুষদের একত্রিত করে কাজের সুযোগ তৈরি করার উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। সংগঠনের চেয়ারপার্সন অভিনেত্রী ইন্দ্রাণী হালদারও জানান, সিনেমা, শো এবং শিল্পীদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে NICF কাজ করবে।
আরও পড়ুন: Perfume: গন্ধকে সত্যিই বন্দি করা যায়! ‘পারফিউম’- সিনেমায় রয়েছে সেই রহস্য
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট সৌম্যজিৎ গাঙ্গুলী ও রিতা ঘোষাল, জয়েন্ট সেক্রেটারি মাফিন চক্রবর্তী, সুচন্দ্রা এক্স ভানিয়া ও বেবি সাহা-সহ কার্যকরী কমিটির সদস্য এবং অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠানের শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা নতুন সংগঠনের আত্মপ্রকাশকে আরও বর্ণময় করে তোলে। সব মিলিয়ে, শিল্পচর্চা, কর্মসংস্থান ও সমাজসেবাকে একসূত্রে বেঁধে NICF আগামী দিনে নতুন দিশা দেখাতে পারে বলেই প্রত্যাশা।



