Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বড়সড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন জনপ্রিয় পেশাদার কুস্তিগির ‘দ্য গ্রেট খালি’ (The Great Khali)। শনিবার হরিয়ানার পানিপত টোল প্লাজার সামনে দুর্ঘটনার মুখে পড়ে তাঁর দামি এসইউভি। দুর্ঘটনার পর গাড়িটির সামনের অংশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে স্বস্তির খবর, এই ঘটনায় কোনও চোট পাননি ৫৪ বছর বয়সি তারকা কুস্তিগির।

ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর নিজের গাড়ি থেকে নেমে সামনে থাকা অন্য একটি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন খালি। ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ নিয়েও প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সোশাল মিডিয়ায় উদ্বেগ (The Great Khali)
দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকেই সোশাল মিডিয়ায় তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে শুরু করেন। পরিস্থিতি বুঝে রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের সুস্থতার কথা জানান খালি।
তিনি জানান, দুর্ঘটনার পর বহু বন্ধু তাঁকে ফোন এবং মেসেজ করে জানতে চেয়েছিলেন তিনি কেমন আছেন। তাঁর কথায়, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং ঈশ্বরের আশীর্বাদে বড় কোনও বিপদ ঘটেনি। গাড়ির ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু সেটিকে তিনি বড় সমস্যা হিসেবে দেখছেন না। যাঁরা তাঁর জন্য চিন্তা করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
পুলিশ থেকে রিং—কুস্তির দুনিয়ায় উত্থানের গল্প (The Great Khali)
‘দ্য গ্রেট খালি’র আসল নাম দলীপ সিং রানা। কুস্তির জগতে পা রাখার আগে তিনি পাঞ্জাব পুলিশে কর্মরত ছিলেন। পরবর্তীতে আমেরিকার পেশাদার কুস্তির মঞ্চে নিজের জায়গা তৈরি করেন। বিশাল উচ্চতা, শক্তিশালী শারীরিক গঠন এবং রিংয়ে দাপুটে উপস্থিতির কারণে খুব অল্প সময়েই আন্তর্জাতিক দর্শকদের নজর কাড়েন তিনি। ডব্লুডব্লুই-তে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন খালি। ২০১৪ সালে পেশাদার কুস্তি থেকে অবসর নিলেও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
আরও পড়ুন: Pujarini Pradhan: দামি ক্যামেরা ছাড়াই মেটার মঞ্চে পূজারিণী
দুর্ঘটনার পরেও মিমে সরগরম সোশাল মিডিয়া
খালির দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর একদিকে যেমন ভক্তরা তাঁর সুস্থতা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন, অন্যদিকে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে নানা রসিকতাও। তাঁর বিশাল শারীরিক গঠন ও জনপ্রিয়তাকে ঘিরে তৈরি হয়েছে একাধিক মিম। কেউ কেউ মজা করে লিখেছেন, ‘খালির হাত থেকে অন্য গাড়িটাই বেঁচে গেল।’



