Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ‘যাহা বলিব জোরে বলিব, ফিসফিস করে কিছুই বলিব না’—‘বিগ বস’-এর ঘরে এই নিয়ম বহুদিনের (Bigg Boss Bangla)। বিভিন্ন ভাষায় সম্প্রচারিত এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মূল আকর্ষণই হল প্রতিযোগীদের এক ছাদের নীচে দীর্ঘদিন একসঙ্গে থাকা। কিন্তু টেলিভিশনের পর্দায় দর্শক যা দেখেন, তার সবটাই কি ক্যামেরার সামনে ঘটে? নাকি শুটিংয়ের বিরতিতে কিংবা ক্যামেরা ‘কাট’-এর আড়ালে নিয়মের কিছুটা হেরফের হয়? এই প্রশ্ন বরাবরই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে।

৯০ দিন কাছের মানুষদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন! (Bigg Boss Bangla)
‘বিগ বস’-এর সবচেয়ে কঠিন নিয়মগুলির অন্যতম হল বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা। মোবাইল ফোন, বাইরের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ কিংবা স্বাভাবিক জীবনের নানা সুযোগ থেকে দূরে থেকেই প্রতিযোগীদের থাকতে হয়। ফলে ৯০ দিনের মতো দীর্ঘ সময় একই ঘরে থাকা মানসিকভাবে কতটা কঠিন, সেটাই হয়ে ওঠে বড় পরীক্ষা।
উত্তর কলকাতার ছোঁয়ায় তৈরি রাজকীয় ঘর (Bigg Boss Bangla)
এবারের ‘বিগ বস বাংলা’র সেটেও রয়েছে বাঙালিয়ানার স্পষ্ট ছাপ। আর্ট ডিরেক্টর শ্যাম ভাটিয়ার পরিকল্পনায় প্রায় ১০ হাজার স্কোয়ার ফিট জায়গাজুড়ে মাত্র দু’মাসে তৈরি হয়েছে প্রতিযোগীদের থাকার জায়গা। কলকাতার বাড়ির আদল এবং উত্তর কলকাতার ঐতিহ্যকে মাথায় রেখেই সাজানো হয়েছে সেটটি। উদ্দেশ্য একটাই—প্রতিযোগীরা যেন অচেনা সেটের বদলে এটিকে নিজেদের বাড়ি বলে মনে করতে পারেন।

৮০ ক্যামেরার নজরে প্রতিটি মুহূর্ত (Bigg Boss Bangla)
ঘরের প্রতিটি কোণ নজরদারিতে রাখতে রয়েছে প্রায় ৮০টিরও বেশি ক্যামেরা। ফলে প্রতিযোগীদের ব্যক্তিগত আচরণ, কথাবার্তা, ঝগড়া, বন্ধুত্ব কিংবা আবেগ—সবই হয়ে উঠতে পারে দর্শকদের আলোচনার বিষয়। এই সর্বক্ষণিক নজরদারিই শোয়ের অন্যতম বড় বৈশিষ্ট্য।
‘দাদা’র নতুন অবতার (Bigg Boss Bangla)
কালো কুর্তা-পায়জামায় রাজকীয় এন্ট্রি নিয়েছেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট মাঠের ‘দাদা’ এবার সম্পূর্ণ অন্য ভূমিকায়। তাঁর কথায়, মোবাইল ছাড়া এবং সূর্যের আলো না দেখে এতদিন একটি ঘরের মধ্যে থাকা সহজ নয়। শো শুরু করার আগে অন্যান্য ভাষার ‘বিগ বস’ দেখে নিজেকে প্রস্তুতও করেছেন তিনি। প্রতিযোগীদের টাফ লড়াই দেখার জন্য তাঁর উচ্ছ্বাসও স্পষ্ট।

১৫ প্রতিযোগীর লড়াই (Bigg Boss Bangla)
অভিনেতা-অভিনেত্রী, গায়ক, ইনফ্লুয়েন্সার, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিযোগীদের তালিকা। মনামী ঘোষ, ভরত কল, দুর্নিবার সাহা, সোহিনী পাল, নিরঞ্জন মণ্ডল, নন্দিনী দত্ত, সায়ক চক্রবর্তী, জয়িতা চট্টোপাধ্যায়, সোনামণি সাহা, অনিন্দ্য সেনগুপ্ত, আলেকজান্দ্রা টেলর, সৃজলা গুহ, ঝিলম গুপ্ত, তনুশ্রী রায় দাস এবং দীপেন্দু বিশ্বাস—সব মিলিয়ে ১৫ জনের জীবনযাপনই এখন দর্শকদের নজরে।
নিয়ম ভাঙলেই জবাবদিহি (Bigg Boss Bangla)
ঘরের নিয়মও বেশ কড়া। কোনও প্রতিযোগী অন্যের গায়ে হাত তুলতে পারবেন না। এমন ঘটনা ঘটলে বিষয়টি ‘বিগ বস’-এর বিচারাধীন হবে। কোনও জিনিস ভাঙচুর করলেও দিতে হবে জবাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম—প্রতিযোগিতা থেকে বাদ না পড়া পর্যন্ত ঘরের বাইরে বেরোনোর সুযোগ নেই।

আরও পড়ুন: Perfume: গন্ধকে সত্যিই বন্দি করা যায়! ‘পারফিউম’- সিনেমায় রয়েছে সেই রহস্যu
আসল আকর্ষণ—কে টিকবেন শেষ পর্যন্ত?
‘দুর্গ জয় সহজ নয়’—এই বার্তাতেই স্পষ্ট, এবারের ‘বিগ বস বাংলা’ শুধু বিনোদনের লড়াই নয়, বরং ধৈর্য, ব্যক্তিত্ব, সম্পর্ক এবং মানসিক শক্তিরও পরীক্ষা। ১৫ জন প্রতিযোগীকে সামলাতে ‘দাদা’ কতটা সফল হন এবং শেষ পর্যন্ত কে এই দুর্গ জয় করেন, এখন সেই অপেক্ষাতেই দর্শক।



