Last Updated on [modified_date_only] by Aditi Singha
জিয়ারুল হক: খাদ্য সুরক্ষা সপ্তাহ উপলক্ষে ধূপগুড়িতে বিভিন্ন খাবারের দোকান, বিরিয়ানি ও মিষ্টির দোকান, হোটেল-সহ একাধিক খাদ্য বিক্রয়কেন্দ্রে অভিযান চালাল প্রশাসনের টাস্ক ফোর্স (Food Safety)।
প্রশাসনের নির্দেশ (Food Safety)
অভিযানে দোকানগুলিতে খাবার তৈরির পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় লাইসেন্স ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিভিন্ন বিরিয়ানি দোকানের সামনে ফুটপাত দখল করে রাখা রান্নার বড় বড় হাঁড়ি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের নির্দেশ মেনে দোকানদাররা ফুটপাত খালি করে দেন।
দোকানদারদের সতর্ক করা (Food Safety)
এদিন যেসব দোকানে রান্নার জন্য আলাদা জায়গা এবং বাসনপত্র ধোয়ার জন্য পৃথক ব্যবস্থা নেই, সেসব দোকান মালিককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে বাসি বা নষ্ট খাবার যাতে কোনওভাবেই ক্রেতাদের কাছে বিক্রি করা না হয়, সে বিষয়েও দোকানদারদের সতর্ক করা হয়।
খাবারের গুণমান (Food Safety)
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানুষ টাকা দিয়ে খাবার কিনে খান। কিন্তু বিভিন্ন সময়ে নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার কিনে ক্রেতাদের সমস্যায় পড়ার অভিযোগ সামনে এসেছে। তাই ভবিষ্যতে মানুষ যাতে টাকা দিয়ে খাবার কিনে প্রতারিত বা ঠকতে না হয়, সেদিকেও নজর রাখবে প্রশাসন। খাবারের গুণমান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে খাবার পরিবেশন করা হচ্ছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখা হবে।
আইনানুগ ব্যবস্থা (Food Safety)
অভিযানে বেশ কিছু ছোট দোকানে বিভিন্ন ধরনের ত্রুটি নজরে আসে। সেই সমস্ত ত্রুটি দ্রুত সংশোধন করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়, পরবর্তী অভিযানে একই ধরনের অনিয়ম ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
আরও পড়ুন: Abhishek Banerjee PA: সুমিত রায়ের আগাম জামিন শুনানিতে ‘লিপস অ্যান্ড বাউন্স’ নিয়ে সরব সুপ্রিম কোর্ট
খাবার বিক্রির বিষয়ে সতর্ক
কিছু দোকানে গিয়ে ধূপগুড়ির মহকুমা শাসক শ্রদ্ধা শুব্বা দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার বিক্রির বিষয়ে সতর্ক করেন। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির মহকুমা শাসক শ্রদ্ধা শুব্বা, ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরী-সহ প্রশাসন ও টাস্ক ফোর্সের অন্যান্য আধিকারিকরা।



