Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল ভারতের অনূর্ধ্ব-২০ ফুটবল দল (India vs Bangladesh)। উজবেকিস্তানের তাসখন্ডে অনুষ্ঠিত মরণবাঁচন ম্যাচে প্রতিবেশী দেশ বাংলাদেশকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এই বড় সাফল্য অর্জন করল কোচ মহেশ গাওলির শিষ্যরা। গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তান ৩-০ গোলে সিরিয়াকে হারানোয় ‘ব্লু কোল্টস’দের মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে যায়।
ঘুরে দাঁড়ানোর লড়াই (India vs Bangladesh)
টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে ভারতের শুরুটা হয়েছিল সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে আয়োজক দেশ উজবেকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে মূল পর্বে ওঠার রাস্তা কঠিন হয়ে পড়েছিল তরুণ ভারতীয় দলের সামনে। গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে পরের পর্বে যেতে হলে শেষ ম্যাচে বাংলাদেশকে হারানোর বিকল্প ছিল না। সেই চাপ মাথায় নিয়েও বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় ‘ব্লু কোল্টস’রা। ম্যাচের ২৫ মিনিটে বাংলাদেশ রক্ষণের মারাত্মক ভুলকে কাজে লাগিয়ে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ড্যানি লাইশ্রাম। প্রথমার্ধে এই এক গোলের ব্যবধানই বজায় থাকে।

বিশালের দর্শনীয় ব্যাক ভলি (India vs Bangladesh)
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় ভারত। ম্যাচের ৬০ মিনিটে আসে সেই স্মরণীয় মুহূর্ত, যা ম্যাচের সেরা আকর্ষণ ছিল। একটি লম্বা থ্রো-ইন বাংলাদেশ বক্সে এলে বলটি উত্তরপ্রদেশের ১৮ বছর বয়সি ফুটবলার বিশাল যাদবের পিছনের দিকে চলে যাচ্ছিল। পরিস্থিতি বুঝে চকিতে শূন্যে শরীর ভাসিয়ে অনবদ্য এক ব্যাক ভলিতে গোল করেন বিশাল। দর্শনীয় এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভারতের হাতে চলে আসে। এরপর ৭৮ মিনিটে নিজেদের বক্স থেকে শুরু হওয়া একটি দারুণ দলীয় আক্রমণ শেষ হয় বাংলাদেশের জালে বল জড়ানোর মাধ্যমে, যা ভারতের ৩-০ জয় সুনিশ্চিত করে।
আরও পড়ুন: Provat Lakra: মহমেডানে নতুন ভূমিকায় প্রভাত, সাদা-কালোয় সই করলেও হৃদয়ে লাল হলুদ

মূল পর্বের যোগ্যতা অর্জন (India vs Bangladesh)
বাংলাদেশকে ৩-০ গোলে উড়িয়ে দিলেও ভারতের মূল পর্বে যাওয়া নির্ভর করছিল গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের ওপর (India vs Bangladesh)। সেখানে প্রত্যাশা মতোই শক্তিশালী উজবেকিস্তান ৩-০ ব্যবধানে সিরিয়াকে হারিয়ে দেয়। এর ফলে ‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সরাসরি মূল পর্বে ওঠে উজবেকিস্তান। অন্যদিকে, ৩ ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থান অধিকার করে আগামী বছরের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ভারতের তরুণ তুর্কিরা।



