Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল পরিচালক মণিরত্নমের বহু প্রতীক্ষিত ছবির নাম, ‘ইঞ্জি ভেল্লম’ (Inji Vellam)। মাদ্রাজ টকিজ এবং লাইকা প্রোডাকশনের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই সিনেপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। পোস্টারে একসঙ্গে দেখা গিয়েছে বিজয় সেতুপতি ও সাই পল্লবীকে। আর সেই পোস্টারের আবহেই যেন আলাদা চরিত্র হয়ে উঠেছে কলকাতা।

গল্পের আবহে শহর কলকাতা (Inji Vellam)
‘ইঞ্জি ভেল্লম’-এর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে কলকাতা। জুলাই মাসে প্রায় দশ দিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে ছবির শুটিং করেছেন মণিরত্নম। পার্ক স্ট্রিট থেকে মেট্রো স্টেশন, প্রিন্সেপ ঘাট থেকে ঐতিহাসিক হাওড়া ব্রিজ—কলকাতার একাধিক পরিচিত জায়গা ধরা পড়েছে ছবির ক্যামেরায়। এমনকী কুমোরটুলির সরু অলিগলিতেও হয়েছে শুটিং। দুর্গাপ্রতিমার উপস্থিতিও ছবির দৃশ্যপটে কলকাতার নিজস্ব সাংস্কৃতিক আবহকে আরও স্পষ্ট করেছে।
হাওড়া ব্রিজে রহস্যময় রোম্যান্স (Inji Vellam)
প্রকাশিত প্রচারমূলক ভিডিওতে নজর কেড়েছে হাওড়া ব্রিজের দৃশ্য। কুয়াশায় মোড়া পরিবেশের মধ্যে বিজয় সেতুপতি ও সাই পল্লবীর উপস্থিতি তৈরি করেছে এক রহস্যময় রোম্যান্টিক আবহ। বৃষ্টিভেজা কলকাতার রাস্তা, পুরনো স্থাপত্য এবং শহরের নস্টালজিক সৌন্দর্য যেন ছবির গল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে গিয়েছে।
প্রথমবার মণিরত্নমের ছবিতে বিজয়-সাই জুটি
‘ইঞ্জি ভেল্লম’-এর অন্যতম বড় আকর্ষণ নিঃসন্দেহে বিজয় সেতুপতি ও সাই পল্লবীর জুটি। দু’জনকেই এই প্রথম মণিরত্নমের পরিচালনায় একসঙ্গে দেখা যাবে। বড়পর্দায় তাঁদের রসায়ন কেমন জমে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। শুটিং চলাকালীন তাঁদের এক ঝলক দেখতেও কলকাতার বিভিন্ন প্রান্তে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা।
বিজয়ের নতুন লুক (Inji Vellam)
শুটিংয়ের সময় বিজয় সেতুপতিকে দেখা গিয়েছে একেবারে অন্যরকম লুকে। ক্লিন শেভ মুখ, কখনও কালো জ্যাকেট, আবার কখনও সাদা শার্টে তাঁর উপস্থিতি নজর কেড়েছে। অন্যদিকে সাই পল্লবীর সাজেও ছিল অভিনবত্বের সঙ্গে আভিজাত্যের ছোঁয়া। সব মিলিয়ে ছবির চরিত্র এবং লুক নিয়ে দর্শকদের প্রত্যাশা ইতিমধ্যেই বেড়ে গিয়েছে।

আরও পড়ুন: Shatarup Ghosh: কানের গোড়ায় ‘থাবড়া’ মারবে দুর্গার এক্সট্রা হাত! বিজেপিকে খোঁচা শতরূপের
সুরে এ আর রহমান, মুক্তি ২০২৭-এ
মণিরত্নমের ছবির সঙ্গে এ আর রহমানের সঙ্গীত মানেই বাড়তি প্রত্যাশা। ‘ইঞ্জি ভেল্লম’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন এ আর রহমান। বড় বাজেটের এই ছবি ২০২৭ সালে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা। যদিও এখনও নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। প্রথম দফার প্রচার শুরু হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে অনুরাগীদের অপেক্ষাও এখন আরও তীব্র। কলকাতার নস্টালজিক সৌন্দর্য, মণিরত্নমের নির্মাণশৈলী, বিজয়-সাইয়ের নতুন জুটি এবং রহমানের সুর—সব মিলিয়ে ‘ইঞ্জি ভেল্লম’ ২০২৭-এর অন্যতম প্রতীক্ষিত ছবি হয়ে উঠতে চলেছে।



