Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের সমীকরণ এখন নাটকে ঠাসা (Mohun Bagan-East Bengal)। সোমবার আয়োজিত ডবল হেডারের দুটি ম্যাচই ড্র হওয়ায় লিগ জয়ের দৌড় উন্মুক্ত হয়ে গেল সব দলের সামনে। ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জয়ের দোড়গোড়ায় গিয়েও ১-১ গোলে পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। অন্যদিকে, কল্যাণী স্টেডিয়ামে মহামেডানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ১-১ সমতা ফিরিয়ে কোনওরকমে খেতাবের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল। ফলে লিগের প্রতিটি দলের সামনেই এখন ট্রফি ছোঁয়ার সমীকরণ বেঁচে রইল।
নাটকে ঠাসা সবুজ-মেরুন ম্যাচ (Mohun Bagan-East Bengal)
হ্যামস্ট্রিংয়ের চোটে লিস্টন কোলাসোকে না পাওয়া এবং আপুইয়াকে রিজার্ভ বেঞ্চে রেখে নামা মোহনবাগান প্রথমার্ধ জুড়েই নিরঙ্কুশ প্রাধান্য বজায় রাখে। সাহাল আবদুল সামাদ এবং দীপক টাংরির আক্রমণ শক্ত হাতে সামাল দেন ইউনাইটেড গোলকিপার সৌরভ সামন্ত। লালকমল ভৌমিকের দলের আঁটসাঁট রক্ষণ ভাঙতে দ্বিতীয়ার্ধেও মোহনবাগানকে বেশ বেগ পেতে হয়। মনবীর সিং সুযোগ হাতছাড়া করার পর ম্যাচের ৯০ মিনিটে অবশেষে সন্দীপ মালিকের গোল এগিয়ে দেয় সবুজ-মেরুনকে। তবে নাটক তখনও বাকি ছিল, ৯০+৫ মিনিটে সুময় সোম গোল করে ইউনাইটেড স্পোর্টসকে সমতায় ফেরান এবং মোহনবাগানের নিশ্চিত জয় ছিনিয়ে নেন।

খেতাবের লড়াইয়ে টিকে লাল-হলুদ (Mohun Bagan-East Bengal)
পুলিশি নিরাপত্তার অভাবে বারাসত থেকে ম্যাচ কল্যাণীতে সরে গেলেও শুরু থেকেই মহামেডান স্পোর্টিং ইস্টবেঙ্গলের ওপর চাপ সৃষ্টি করে। প্রথমার্ধে দুই দলই ধারহীন আক্রমণ নিয়ে খেললেও মহামেডানের একাধিক প্রচেষ্টা চমৎকারভাবে রুখে দেন ইস্টবেঙ্গল গোলকিপার গৌরব সাউ। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গিয়ে লালথান কিমার গোল মহামেডানকে এগিয়ে দেয়। লাল-হলুদের লিগ জয়ের স্বপ্ন যখন প্রায় শেষ হতে বসেছিল, ঠিক তখনই ৯০+৫ মিনিটে আকাশ হেমব্রম গোল করে ইস্টবেঙ্গলকে কাঙ্ক্ষিত সমতায় ফেরান এবং টুর্নামেন্টে টিকিয়ে রাখেন।

খেতাবের শেষ সমীকরণ (Mohun Bagan-East Bengal)
দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট ও উন্নত গোল পার্থক্যের বিচারে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মোহনবাগান (Mohun Bagan-East Bengal)। সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মহামেডান এবং টানা দুটি ড্রয়ের পর ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইস্টবেঙ্গল। সমান পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড স্পোর্টস। লিগের ভাগ্য নির্ধারণে শেষ ম্যাচগুলি হয়ে উঠেছে চরম অনিশ্চিত। মোহনবাগান ও মহামেডানের মধ্যে শেষ ম্যাচে যে দল জিতবে, সরাসরি তারাই কলকাতা লিগের খেতাব জিতে নেবে।
আরও পড়ুন: Oscar Bruzon Interview: ‘নীতুদা দ্বিচারিতার মাস্টার’- একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক অস্কার ব্রুজোঁ
তবে মোহনবাগান ও মহামেডানের ম্যাচটি ড্র হলে লিগের লড়াই আরও জটিল মোড় নেবে। সেক্ষেত্রে শেষ ম্যাচে ইস্টবেঙ্গল বা ইউনাইটেড স্পোর্টস কোল ইন্ডিয়াকে অন্ততপক্ষে ৫ গোলের ব্যবধানে হারাতে পারলে খেতাব জয়ের সুযোগ পেয়ে যেতে পারে। পাশাপাশি ভবানীপুর ও কোল ইন্ডিয়া তাদের শেষ দুটি ম্যাচ জিতলে এবং ওপরের দুই বড় দলের ম্যাচ ড্র হলে তাদের সামনেও খেতাব জয়ের নাটকীয় সম্ভাবনা তৈরি হয়ে যাবে।



