Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভোররাত। চারপাশ তখনও অন্ধকার। চলন্ত স্লিপার বাসে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন পর্যটকেরা (Uttar Pradesh)। আচমকাই বাসের ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা বাস। কিছু বুঝে ওঠার আগেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। প্রাণ বাঁচাতে অনেকে জানলা দিয়ে ঝাঁপ দেন। কিন্তু সকলের পক্ষে আর বেরিয়ে আসা সম্ভব হয়নি। ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের।
যমুনা এক্সপ্রেসওয়েতেই ভয়াবহ বিপর্যয় (Uttar Pradesh)
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিয়ে একটি স্লিপার বাস নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল। বাসটিতে মোট ৩৪ জন পর্যটক ছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।
মুহূর্তে আগুনের গ্রাসে গোটা বাস (Uttar Pradesh)
হঠাৎ বাসে আগুন ছড়িয়ে পড়তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। দ্রুত আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘুম ভেঙে প্রাণ বাঁচানোর জন্য হুড়োহুড়ি শুরু করেন তাঁরা। কয়েকজন জানলা দিয়ে ঝাঁপ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও অনেকেই বাসের ভিতরে আটকে পড়েন। তাঁদের মধ্যে একাধিক যাত্রী আগুনে পুড়ে মারা যান।
মৃতদের মধ্যে মহিলা, আহত বহু (Uttar Pradesh)
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ভয়াবহতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কীভাবে আগুন? এখনও স্পষ্ট নয় (Uttar Pradesh)
ঠিক কী কারণে চলন্ত বাসে আগুন লাগল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি, শর্ট সার্কিট বা অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
ঘটনাস্থলে পুলিশ-দমকল, শোকপ্রকাশ যোগীর
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে।



