Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নেপালের ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ৪০ দিন পর আনুষ্ঠানিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান স্থগিত করল সরকার (Nepal Landslide)। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত ১,৪৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন ৫,২৮৫ জন। তাঁদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা ১৮৯। বিপর্যয়ের ভয়াবহতা এতটাই ব্যাপক যে এখনও বহু মানুষের কোনও সন্ধান মেলেনি।
৪০ দিন পর কেন থামল উদ্ধার অভিযান? (Nepal Landslide)
রাজধানী কাঠমান্ডুতে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের নেতৃত্বে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানেই তল্লাশি ও উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথোরিটির (NDRRMA) সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকারী বিভিন্ন দলের মত, এতদিন পর নতুন করে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কার্যত নেই। ফলে উদ্ধার অভিযানের পরিবর্তে এখন বিধ্বস্ত এলাকাগুলির পুনর্গঠন ও ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনেই জোর দিতে চাইছে সরকার।
২৬ আগস্টের সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ (Nepal Landslide)
গত ২৬ আগস্ট প্রবল হড়পা বানে কার্যত তছনছ হয়ে যায় মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা। ত্রিশূলী ও ভোটকোসি নদীর ভয়াবহ স্রোত ভাসিয়ে নিয়ে যায় বহু মানুষ, ঘরবাড়ি, দোকান, বাজার এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো। কোথাও নদীর স্রোতে ভেঙে পড়ে সেতু, কোথাও আবার ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। বিপর্যয়ের ৪০ দিন পরও ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব তৈরি করা সম্ভব হয়নি। কতগুলি বাড়ি, অফিস, দোকান কিংবা অন্যান্য পরিকাঠামো সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার স্পষ্ট পরিসংখ্যান এখনও প্রশাসনের হাতে নেই।
নিখোঁজের তালিকায় ভারতীয়ও বহু (Nepal Landslide)
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, নিখোঁজদের তালিকায় রয়েছেন বহু ভারতীয় নাগরিক। এখনও পর্যন্ত ১৮৯ জন ভারতীয়ের কোনও সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে। পাশাপাশি ৩৬টি দেশের ৬০৬ জন বিদেশি পর্যটকও নিখোঁজ রয়েছেন। প্রতিবেশী তিব্বত অঞ্চলেও শতাধিক মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে।
আরও পড়ুন: Plane Crash: নাইজেরিয়ায় বায়ুসেনার বিমান ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৩২
এবার লক্ষ্য পুনর্গঠন ও পুনর্বাসন
উদ্ধার অভিযান থেমে গেলেও বিপর্যয়ের ক্ষত এত সহজে মুছে যাওয়ার নয়। তাই এখন ধ্বংসস্তূপ সরানো, যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার, ক্ষতিগ্রস্ত পরিকাঠামো নির্মাণ এবং দুর্গত মানুষকে পুনর্বাসনের দিকে নজর দিতে চাইছে নেপাল সরকার। দীর্ঘ উদ্ধার অভিযানের পর এবার বিধ্বস্ত জনপদগুলিকে নতুন করে দাঁড় করানোই প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।



