Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে (Rishabh Pant)। ফিটনেসের অভাবে বারবার পিছিয়ে গিয়েছে প্রত্যাবর্তন। তবে বিদেশের মাটিতে কামব্যাকটা স্মরণীয় করে রাখলেন ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চেনা আগ্রাসী মেজাজে ব্যাট করলেন ভারতীয় উইকেটকিপার। তৃতীয় দিনের শেষে ৬২ বলে ৫৫ রানে অপরাজিত তিনি। আর এই ইনিংসেই জোড়া নজির গড়লেন পন্থ। পিছনে ফেললেন মহেন্দ্র সিং ধোনি ও অ্যাডাম গিলক্রিস্টকে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও তৈরি করলেন নতুন ইতিহাস।
ধোনি-গিলক্রিস্টকে টপকে বিশ্বরেকর্ড (Rishabh Pant)
প্রতিপক্ষের দেশে অ্যাওয়ে টেস্টে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বাধিক রান করার নজির এখন পন্থের দখলে। এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর সংগ্রহ ছিল ২৫১২ রান। অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনি করেছিলেন ২৪৯৬ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দু’জনকেই টপকে যান পন্থ। বর্তমানে ৩৬টি টেস্টের ৬৩ ইনিংসে তাঁর সংগ্রহ ২৫৪৪ রান। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৫৯। রয়েছে ছ’টি শতরান ও ১২টি অর্ধশতরান।
প্রথমে সতর্ক, পরে চেনা আগ্রাসনে পন্থ (Rishabh Pant)
চোট সারিয়ে ফিরে শুরুতে বেশ সাবধানে ব্যাট করছিলেন পন্থ। প্রথম ১৫ রান করতে খেলেন ৩৭ বল। তবে ক্রিজে থিতু হওয়ার পর ধীরে ধীরে নিজের পরিচিত ছন্দে ফিরতে শুরু করেন তিনি। নিউজিল্যান্ডের পেসারদের পাল্টা আক্রমণ করেন। বিশেষ করে জ্যাকব ডাফিকে নিশানা করেন ভারতীয় তারকা। ইনিংসের ১২১তম ওভারে ডাফিকে পরপর দু’টি ছক্কা ও একটি চার মারেন। মাত্র ৫৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন পন্থ। দিনের শেষে তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার ও দু’টি ছক্কা।
আরও পড়ুন: Cristiano Ronaldo: মেসির পর এবার ভারতে আসবেন রোনাল্ডো? উদ্যোগী মুখ্যমন্ত্রী!
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও নতুন ইতিহাস (Rishabh Pant)
শুধু অ্যাওয়ে টেস্টে রানের নজির নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও মাইলস্টোন ছুঁয়েছেন পন্থ (Rishabh Pant)। প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে WTC-তে ৩০০০ রান পূর্ণ করেছেন তিনি। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এমন প্রত্যাবর্তন নিঃসন্দেহে ভারতীয় শিবিরের কাছে বড় স্বস্তি। একই সঙ্গে বুঝিয়ে দিলেন, নিজের আগ্রাসী ব্যাটিংয়ের ধার এখনও হারাননি পন্থ।



