Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উপনির্বাচনের জয়কে সামনে রেখে বিজয় মিছিল, লক্ষ্য এবার কলকাতা ও হাওড়ার পুরভোট (Suvendu Adhikari)। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপির সাফল্যের পর কলকাতা ও হাওড়াতেও রাজনৈতিক জমি আরও শক্ত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুরলিধর সেন লেন থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপির বিজয় মিছিলের পর ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চ থেকে তিনি দিলেন ‘ট্রিপল ইঞ্জিন’ সরকারের ডাক।
‘ডবল ইঞ্জিন’-এর পর নতুন স্লোগান ‘ট্রিপল ইঞ্জিন’ (Suvendu Adhikari)
বিজয় সভায় শুভেন্দু অধিকারীর বক্তব্যের অন্যতম আকর্ষণ ছিল ‘ট্রিপল ইঞ্জিন’ সরকারের বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মোদির কথায় মানুষ ডবল ইঞ্জিন সরকার দিয়েছেন, এবার মুখ্যমন্ত্রীর কথায় কলকাতা ও হাওড়ায় ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে হবে। তাঁর বক্তব্যে স্পষ্ট, রাজ্যের পাশাপাশি স্থানীয় প্রশাসনেও বিজেপির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই এখন দলের অন্যতম লক্ষ্য।
নন্দীগ্রাম-রেজিনগরের জয়কে সামনে রেখে বার্তা (Suvendu Adhikari)
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে দলের সাফল্যের জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ২০২৬ সালের নির্বাচনে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে বিজেপির পাশে দাঁড়িয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বিভাজনের রাজনীতির পরিবর্তে উন্নয়ন, প্রগতি এবং রাষ্ট্রবাদী ভাবনার পক্ষে জনমত তৈরি হয়েছে। উপনির্বাচনের ফলকেও তিনি সেই বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে তুলে ধরেন।
তৃণমূলকে আক্রমণ, উন্নয়নের প্রতিশ্রুতি (Suvendu Adhikari)
সভা থেকে তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেন শুভেন্দু। ভাষা, জাতি ও সম্প্রদায়ের ভিত্তিতে বাংলার মানুষকে বিভাজনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিল্পায়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার দাবি করেন মুখ্যমন্ত্রী।
শিল্প ও কর্মসংস্থানেও জোর (Suvendu Adhikari)
নতুন শিল্প এবং কর্মসংস্থানের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন প্রকল্প এবং হরিণঘাটার শিল্প উদ্যোগের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, রাজ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে। একইসঙ্গে সীমান্ত সুরক্ষার বিষয়েও সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: Agnimitra Paul: ফ্যাশন ডিজাইনারের হাত ধরে হলুদ-লালে মাতছে কলকাতা
লক্ষ্য কলকাতা-হাওড়ার প্রতিটি ওয়ার্ড
তবে বিজয় সভার সবচেয়ে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা ছিল কলকাতা ও হাওড়াকে ঘিরে। আগামী নির্বাচনে দুই শহরের প্রতিটি ওয়ার্ডে বিজেপিকে জেতানোর আহ্বান জানান শুভেন্দু। তাঁর বক্তব্য, শুধু রাজ্য ক্ষমতায় আসাই নয়, স্থানীয় স্তরেও বিজেপির শক্তি প্রতিষ্ঠা করতে হবে। তাই নন্দীগ্রাম-রেজিনগরের সাফল্যের পর এবার কলকাতা-হাওড়ায় ‘পদ্ম ফোটানো’ই বিজেপির নতুন রাজনৈতিক লক্ষ্য—এমনটাই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।



