Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের আগে শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছিল প্রশাসন (Chingrighata Flyover)। কলকাতা থেকে আসানসোল—বিভিন্ন রাস্তায় নতুন রং লাগিয়ে সৌন্দর্যায়নের কাজ চলছিল। কিন্তু সেই রংই শেষ পর্যন্ত বিপদের কারণ হয়ে দাঁড়াল কি না, তা নিয়ে শুরু হয়েছে জোরদার বিতর্ক। বৃষ্টির জলে চিংড়িহাটা উড়ালপুলের রঙিন রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় একের পর এক বাইক পিছলে পড়ার ঘটনা সামনে এসেছে। ভাইরাল হয়েছে দুর্ঘটনার ভিডিও। পরিস্থিতির গুরুত্ব বুঝে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, একই ধরনের আশঙ্কা এড়াতে আসানসোলেও রাতারাতি রাস্তার রং তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

চিংড়িহাটা উড়ালপুলে দুর্ঘটনা (Chingrighata Flyover)
দুর্গাপুজোর আগে কলকাতার রাস্তাগুলিকে নতুন রূপ দিতে বিভিন্ন জায়গায় রং করে সৌন্দর্যায়নের কাজ করা হয়েছিল। কিন্তু বুধবার দুপুরে এক পশলা বৃষ্টির পর চিংড়িহাটা উড়ালপুলে দেখা যায় বিপজ্জনক পরিস্থিতি। রঙিন, জলভেজা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় পরপর কয়েকটি মোটরবাইক পিছলে পড়ে যায়। সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন ওঠে রাস্তার নিরাপত্তা নিয়ে।
অভিযোগ, ‘অ্যান্টি-স্কিড’ রং ব্যবহার করা হলেও বৃষ্টির জলে রাস্তা পিচ্ছিল হয়ে পড়েছিল। ফলে বাইক চালকদের দুর্ঘটনার মুখে পড়তে হয়। বিষয়টি সামনে আসার পর তদন্তের নির্দেশ দেওয়া হয়। কেন এই পরিস্থিতি তৈরি হল, ব্যবহৃত রঙের গুণমান কিংবা প্রয়োগের পদ্ধতিতে কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে (Chingrighata Flyover।
রাতারাতি রং তোলা, বসানো হল বিশেষ ব্লক (Chingrighata Flyover)
দুর্ঘটনার পর দ্রুত পদক্ষেপ করে প্রশাসন। চিংড়িহাটা উড়ালপুলের উপর থেকে রাতারাতি রং তুলে দেওয়ার কাজ শুরু হয়। পাশাপাশি, যানবাহনের গতি নিয়ন্ত্রণে বিশেষ ব্লক বসানোর ব্যবস্থাও করা হয়েছে। রাস্তাকে সুন্দর করে তোলার চেয়ে মানুষের জীবন ও নিরাপত্তাকে যে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, এই ঘটনা যেন আরও একবার সেই বার্তাই দিল।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। রঙের কারণে চালকদের চোখে সমস্যা হলেও বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
চিংড়িহাটার পর আসানসোলেও প্রশাসনের পদক্ষেপ (Chingrighata Flyover)
কলকাতার ঘটনার পর আসানসোলের শহিদ ভগৎ সিং মোড়েও একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। পুজোর আগে ওই রাস্তা নতুন রঙে সাজানো হয়েছিল। কিন্তু বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার আশঙ্কা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় বুধবার রাতেই রং মোছার কাজ শুরু করে জেলা প্রশাসন।

জানা গিয়েছে, বিভিন্ন রং প্রস্তুতকারী সংস্থার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর প্রকল্পের অর্থে এই সৌন্দর্যায়নের কাজ চলছিল। তবে আপাতত রং তুলে দেওয়া হলেও সৌন্দর্যায়নের পরিকল্পনা বাতিল করা হচ্ছে না। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে এমন উপকরণ ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে, যাতে বৃষ্টির দিনেও যানবাহন নিরাপদে চলাচল করতে পারে।
সৌন্দর্যায়ন না নিরাপত্তা
চিংড়িহাটা ও গড়িয়াহাট উড়ালপুলের রঙিন রাস্তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফেও অভিযোগ উঠেছে। তাদের দাবি, সৌন্দর্যায়নের নামে রাস্তা রঙিন করতে গিয়ে মোটরবাইক চালকদের ঝুঁকির মুখে ফেলা হয়েছে। পাশাপাশি, রোদে রঙের প্রতিফলনে চালকদের চোখ ধাঁধিয়ে যাওয়ার অভিযোগও সামনে এসেছে।



