Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জার্মানির বোহুম শহরে একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে (Indian Community)। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন ভারতীয় নাগরিক। নিহত তিনজনই কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন নোভা সাবু (২৫), অঞ্জলি শীলা জয় (২৫) এবং সিভিন জনি (২৬)। ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

নিচতলা থেকে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন (Indian Community)
জানা গিয়েছে, বোহুমের ওই আবাসনের নিচতলায় প্রথমে আগুন লাগে। এরপর কাঠের সিঁড়ি দিয়ে দ্রুত আগুন উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা আবাসনে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আগুন ও ধোঁয়ার কারণে অনেকেই আটকে পড়েন। শেষ পর্যন্ত এই ঘটনায় তিন ভারতীয়ের মৃত্যু হয়। আরও পাঁচ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
দুর্ঘটনা নয়, পরিকল্পিত অগ্নিকাণ্ড?
ঘটনার তদন্তে নেমে জার্মান পুলিশের হাতে উঠে এসেছে বেশ কিছু সন্দেহজনক তথ্য। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এটি সাধারণ কোনও অগ্নিকাণ্ড নয়। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। সেই সন্দেহ থেকেই শুরু হয়েছে বিস্তারিত তদন্ত ও তল্লাশি। ঘটনায় খুনের সন্দেহে ওই ভবনেরই এক রোমানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে জার্মান পুলিশ। তবে আগুন লাগানোর পিছনে তাঁর ঠিক কী ভূমিকা ছিল, তা এখনও তদন্তসাপেক্ষ।
উচ্চশিক্ষা ও কাজের স্বপ্নে জার্মানি
নিহত নোভা, অঞ্জলি এবং সিভিন সম্প্রতি উচ্চশিক্ষা ও কাজের সূত্রে জার্মানিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। বিদেশের মাটিতে নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়েই তাঁরা সেখানে পাড়ি দিয়েছিলেন। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই স্বপ্নেরই করুণ পরিণতি হল। তিন তরুণের মৃত্যুতে কেরলের পরিবারগুলিতে নেমে এসেছে শোকের ছায়া।

দেহ দেশে ফেরানোর উদ্যোগ
নিহতদের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ শুরু হয়েছে। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য সরকার এবং স্থানীয় প্রবাসী সংগঠনগুলি। একইসঙ্গে জার্মান পুলিশের তদন্তও চলছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, অভিযুক্তের ভূমিকা এবং এটি সত্যিই পরিকল্পিত হত্যাকাণ্ড কি না—এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। বিদেশের মাটিতে তিন ভারতীয়ের এমন মর্মান্তিক মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ও শোক ছড়িয়েছে(Indian Community)।



