Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার (Nitish Kumar)। শপথগ্রহণ অনুষ্ঠান হবে পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে, যেখানে ইতিমধ্যেই শেষ পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিশাল মঞ্চ, ভিআইপি অতিথিদের স্বাগত জানানোর জন্য একাধিক প্যান্ডেল এবং সর্বত্র কঠোর নিরাপত্তার আয়োজন পুরো ময়দানই এখন উৎসবের আবহে সরগরম। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ এনডিএ-র শীর্ষ নেতৃত্বরা। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু বিশিষ্ট অতিথিও অনুষ্ঠানে যোগ দেবেন বলেই জানা গেছে।
বিপুল জয়ে বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ (Nitish Kumar)
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র বিপুল জয়ের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় পরিবর্তন এসেছে। নীতীশ কুমারের নেতৃত্বে আবারও সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই শপথগ্রহণ কেবল আনুষ্ঠানিকতা নয়, এনডিএ-র শক্তির প্রদর্শনও বটে। বিজেপির এক প্রবীণ নেতার দাবি, অন্তত তিন লক্ষ মানুষ এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন। এতে বোঝাই যাচ্ছে বিহারের রাজনীতিতে নীতীশ কুমারের এই ঘনঘটা কতটা তাৎপর্যপূর্ণ।
বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা (Nitish Kumar)
বুধবার নীতীশ কুমার বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে ইস্তফাপত্র জমা দেন। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, আরএলএম প্রধান উপেন্দ্র কুশওয়াহা এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। রাজ্যপাল তাঁর ইস্তফা গ্রহণ করলেও নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকে কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়।
নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পেতে পারেন? (Nitish Kumar)
জেডিইউ-র তরফে যাঁরা নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন, তাঁদের নাম ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ঘুরছে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকা নিম্নরূপ, বিজেন্দ্র প্রসাদ যাদব, জয়ন্ত রাজ, মহম্মদ জামা খান, উমেশ সিং কুশওয়াহা, বিজয় কুমার চৌধুরী, শ্ৰোণ কুমার, সুনীল কুমার, লেসি সিং, শীলা মাণ্ডল, মদন সহনি, রত্নেশ সাদা, অশোক চৌধুরী, এছাড়াও আরও কয়েকজন নতুন মুখ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে শোনা যাচ্ছে। জেডিইউ এবং এনডিএ শিবিরের জোটসঙ্গতি বজায় রেখে দলে অভিজ্ঞ ও নবীনদের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা চলছে।
আরও পড়ুন: SIR: কলকাতায় ফর্ম বিলিতে ধীরগতি, সতর্ক করল কমিশন!
গোটা বিহারে উৎসবের আবহ
গান্ধী ময়দানে শপথগ্রহণকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামতে শুরু করেছে। জেডিইউ-র কর্মী-সমর্থকরা ইতিমধ্যেই উৎসবের আবহে মেতে উঠেছেন। শপথ অনুষ্ঠানের দিনকে কেন্দ্র করে বিহারে বাড়তি নিরাপত্তা, নজরদারি এবং প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়।



