Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স তাদের সাপোর্ট স্টাফে বড় পরিবর্তন আনল (Mumbai Indians)। আর শুধু ব্যাটিং কোচ হিসেবে নয়, এবার কাইরন পোলার্ডকে দলের প্রধান কোচের দায়িত্ব তুলে দিল মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন মুম্বইয়ের নীল-সোনালি জার্সিতে মাঠ কাঁপানোর পর, গত কয়েক মরসুম ধরে কোচিং দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এবার ডাগ-আউটে দাঁড়িয়েই দলকে নেতৃত্ব দেওয়ার এক নতুন ও চ্যালেঞ্জিং দায়িত্ব নেবেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।
পোলার্ডের ওপর পূর্ণ আস্থা (Mumbai Indians)
পোলার্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করার সিদ্ধান্তকে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানি। পোলার্ডের সঙ্গে মুম্বইয়ের সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, “মাত্র ২২ বছর বয়সে একজন তরুণ খেলোয়াড় হিসেবে পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিল। গত ষোলো বছরে সে আমাদের পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। খেলোয়াড় হিসেবে আমাদের অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার পর, কোচ হিসেবেও নিজের বিশাল অভিজ্ঞতা, আবেগ ও খেলার গভীর বোধ আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছে।”
তিনি আরও যোগ করেন, “প্রধান কোচ হিসেবে পোলার্ডের এই নতুন পথচলাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। ‘পলি’ খুব ভালো করেই জানে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরার আসল অর্থ কী এবং এই ক্লাবের হয়ে খেলার জন্য ঠিক কতটা নিবেদিতপ্রাণ হতে হয়। আমার দৃঢ় বিশ্বাস, নতুন এই ভূমিকাতেও সে একই রকম প্রতিশ্রুতি, বিশ্বাস ও সংকল্প নিয়ে কাজ করবে। দলের এই নতুন অধ্যায়ে ওর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”
লক্ষ্য মুম্বইয়ের সাফল্য বজায় রাখা (Mumbai Indians)
পোলার্ডের এই নিয়োগ মুম্বই ইন্ডিয়ান্সের দীর্ঘদিনের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার একটি বড় পদক্ষেপ। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের অন্যতম লক্ষ্য হল—তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের গড়ে তোলা, দলের ভেতরে জয়ের সংস্কৃতি আরও মজবুত করা এবং মাঠের ভেতরে ও বাইরে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা। খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের সোনালি সময়ের প্রত্যক্ষ অংশীদার ছিলেন পোলার্ড। সেই দীর্ঘ অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে সাপোর্ট স্টাফ হিসেবে কাজের পাঠ—উভয়ই তাঁকে নতুন এই দায়িত্ব পালনে বিশেষভাবে সাহায্য করবে বলে মনে করছে দলের ম্যানেজমেন্ট। পোলার্ডের হাত ধরে মুম্বাইয়ের পরবর্তী অধ্যায় কতটা উজ্জ্বল হয়, এখন সেদিকেই তাকিয়ে সব ক্রিকেটপ্রেমী।
নতুন দায়িত্ব পেয়ে কী বললেন পোলার্ড? (Mumbai Indians)
প্রধান কোচের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর নিজের উচ্ছ্বাস গোপন করেননি কাইরন পোলার্ড। এই নতুন ভূমিকাকে অত্যন্ত সম্মানজনক উল্লেখ করে তিনি বলেন, মুম্বাই ইন্ডিয়ান্স তাঁর জীবন ও ক্রিকেট কেরিয়ারের এক বিশাল অংশ জুড়ে রয়েছে। দল, সতীর্থ এবং কোটি কোটি সমর্থক—যাঁরা ‘পাল্টন’ নামে পরিচিত—তাঁদের সঙ্গে পোলার্ডের মানসিক টান অত্যন্ত গভীর।
খেলোয়াড় ও কোচিং স্টাফ হিসেবে কাটানো সময় তাঁকে শিখিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ঠিক কীসের প্রতিনিধিত্ব করে। এই বিখ্যাত নীল ও সোনালি জার্সি গায়ে তোলার সঙ্গে সঙ্গে যে দায়িত্ব ও আকাশছোঁয়া প্রত্যাশা এসে পড়ে, সে বিষয়ে তিনি পুরোপুরি সচেতন।
পল্টনদের ধন্যবাদ (Mumbai Indians)
এমন এক সুযোগ দেওয়ার জন্য নীতা আম্বানি, আকাশ আম্বানি সহ মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের সব সদস্যের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পোলার্ড (Mumbai Indians)। তিনি জানান, দলের খেলোয়াড় এবং বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে তিনি মুখিয়ে আছেন। মুম্বাইয়ের গৌরবময় ঐতিহ্যকে আরও উঁচুতে নিয়ে যাওয়া, উদীয়মান ক্রিকেটারদের সঠিক পথ দেখানো এবং ‘পল্টন’ বা সমর্থকদের উদযাপনের আরও অনেক সুযোগ এনে দেওয়াই এখন তাঁর প্রধান অগ্রাধিকার।



