Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন (Rohit Sharma)। এখন ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মাকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, আগামী বছর একদিনের বিশ্বকাপে কি দেখা যাবে হিটম্যানকে? ওয়ানডে দলেও তাঁর জায়গা কতটা নিশ্চিত, তা নিয়ে জল্পনা অব্যাহত। এর মধ্যেই নিজের অনুষ্ঠানে শুভমান গিল ও শ্রেয়স আইয়ারকে নিয়ে মজার ছলে মন্তব্য করলেন রোহিত। তাঁর কথায়, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে চাইলে গিলকে ‘খুশি’ রাখতে হবে। আর টি-টোয়েন্টিতে ফিরতে চাইলে শ্রেয়সকে খুশি রাখা জরুরি!
গিলের উপর নির্ভর করতে হবে রোহিতকে? (Rohit Sharma)
বর্তমানে ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিল। রোহিত শর্মার পরিবর্তে তাঁকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে শ্রেয়াস আইয়ারও ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। ওয়ানডে দলে সহ-অধিনায়কের দায়িত্ব সামলানোর পাশাপাশি তাঁকে ঘিরেও রয়েছে ভবিষ্যতের নানা পরিকল্পনা। ফলে ভারতীয় দলের নেতৃত্বের সমীকরণে এই দুই ক্রিকেটারের গুরুত্ব যে যথেষ্ট, তা বলার অপেক্ষা রাখে না। সেই প্রসঙ্গেই নিজের অনুষ্ঠানে তাঁদের নিয়ে রসিকতা করেছেন রোহিত।
কী বললেন হিটম্যান? (Rohit Sharma)
রোহিতের শো ‘ফ্যামিলি ফুল হাউস’-এ তাঁকে প্রশ্ন করা হয়, বিপদে পড়লে কাকে ডাকবেন? উত্তরে মজার ছলে ভারতীয় তারকা বলেন, “দু’জনেই তো এখন ভারতের অধিনায়ক। গিল ওয়ানডেতে ভারতের অধিনায়ক। আর আমি চাই ২০২৭-র বিশ্বকাপ খেলতে। তাই ওকে খুশি রাখতে হয়। আর ২০২৭-র বিশ্বকাপের পর যদি আমি টি-টোয়েন্টিতে ফিরতে চাই, তাহলে শ্রেয়সকে এখন থেকে খুশি রাখতে হবে। তাই আমার দু’জনকেই প্রয়োজন।”
নিছক মজা, নাকি খোঁচা? (Rohit Sharma)
রোহিতের এই মন্তব্য যে নিছকই রসিকতা, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। ফলে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ফের টি-টোয়েন্টিতে ফেরার প্রসঙ্গটি মজার ছলেই তুলেছেন হিটম্যান। তবে তাঁর এই মন্তব্যের নেপথ্যে রয়েছে ওয়ানডে দলে জায়গা নিয়ে সাম্প্রতিক বিতর্কও। আগামী বিশ্বকাপে রোহিত খেলবেন কি না, সেই প্রশ্নে এখনও ক্রিকেটমহলে আলোচনা অব্যাহত।
বারবার উঠেছে প্রশ্ন (Rohit Sharma)
প্রাক্তন প্রধান নির্বাচক অজিত আগরকরের কার্যকালে রোহিতের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে একাধিকবার জল্পনা তৈরি হয়েছিল। দল নির্বাচন এবং নেতৃত্বের পরিবর্তন ঘিরে বিতর্কও কম হয়নি। এমন পরিস্থিতিতে বিসিসিআইয়ের শীর্ষ কর্তাদের হস্তক্ষেপে সেই বিতর্কে ইতি টানার চেষ্টা হয়। তবে নতুন নির্বাচক প্রজ্ঞান ওঝার দায়িত্ব গ্রহণের পর রোহিতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রোহিতের সঙ্গে ওঝার সম্পর্কও ভালো বলে জানা যায়।
আরও পড়ুন: Mohun Bagan: জিতেও অখুশি ডিলমপেরিস! চেন্নাইয়িন ম্যাচ ভুলে দ্রুত ভুল শুধরানোর বার্তা
বিশ্বকাপে কি খেলবেন? (Rohit Sharma)
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো ছন্দে রয়েছেন রোহিত (Rohit Sharma)। ফলে এই ওপেনারকে বিশ্বকাপের পরিকল্পনা থেকে এখনই বাদ দেওয়ার প্রশ্ন নেই। তবে শেষ পর্যন্ত দল নির্বাচনের ক্ষেত্রে তাঁর ফর্ম, ফিটনেস এবং টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ২০২৭ সালের বিশ্বকাপে রোহিত খেলবেন কি না, তার উত্তর এখনও অজানা। আপাতত গিল ও শ্রেয়াসকে ‘খুশি’ রাখার মন্তব্যে হাসির রসদ জুগিয়েছেন হিটম্যান। তবে তাঁর বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ করবে মাঠের পারফরম্যান্সই।



