Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: খিচুড়িতে পোকা, চাল-ডালেও (Mid Day Meal) পোকা! শিশুদের খাবারের মান নিয়ে অভিযোগ তুলে আইসিডিএস অফিসে তালা দিয়ে শিক্ষিকা ও সহায়িকাকে বন্দি করে রাখলেন গ্রামবাসীরা। পরে পাথরপ্রতিমা প্রশাসনের উদ্যোগে মুক্তি পান বন্দি দিদিমণিরা।
চালে-ডালে পোকা (Mid Day Meal)
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে (Mid Day Meal) দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গঞ্জের বাজার গয়াগ্রাম এলাকার ৫৪ নম্বর আইসিডিএস কেন্দ্রে।
অভিযোগ, ওই আইসিডিএস কেন্দ্রে শিশুদের জন্য তৈরি খিচুড়িতে পোকা পাওয়া গিয়েছে। এমনকী কেন্দ্রের ভিতরে মজুত চাল ও ডালেও পোকা এবং পচা সামগ্রী রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদ জানাতে তাঁরা অফিসে তালা দিয়ে শিক্ষিকা ও সহায়িকাকে আটকে রাখেন।
আরও পড়ুন: Cyclone Arnab Effect: দুর্বল হয়েছে ‘অর্ণব’, তবু কাটেনি দুর্যোগ! বৃষ্টিতে ভিজছে বাংলা
খবর পেয়ে পাথরপ্রতিমা থানার প্রশাসনের হস্তক্ষেপে মুক্তি পান তাঁরা। ঘটনাস্থলে পৌঁছন আইসিডিএস দপ্তরের সুপারভাইজার এবং বিডিওর প্রতিনিধিরা। গ্রামবাসীদের সঙ্গে বৈঠকের পর ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়।
তবে ওই পোকা ধরা চাল ও ডাল রান্না করে শিশুদের খাওয়ানো হচ্ছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। শিশুদের খাবারের গুণমান ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্তে কী উঠে আসে এবং প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।


