Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীপাবলির আগে ফের উদ্বেগ বাড়াচ্ছে দিল্লির বায়ুদূষণ (Delhi Air Quality)। গত সপ্তাহে বৃষ্টির কারণে রাজধানীর বাতাসের মান কিছুটা উন্নত হয়েছিল। একিউআই নেমে এসেছিল ১০০-র কাছাকাছি, কোনও কোনও সময়ে তার নীচেও। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। সোমবার সকালে বাতাসের গুণমান সূচক (একিউআই) ৩০৭-এ পৌঁছয়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মাপকাঠিতে এই মাত্রা ‘অতি খারাপ’।
পরিস্থিতি খারাপ (Delhi Air Quality)
সোমবার সকাল ৭টার পরিসংখ্যান অনুযায়ী (Delhi Air Quality), দিল্লির আকাশ ঢেকে ছিল ঘন ধোঁয়াশায়। রাজধানীর ৫৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে জাহাঙ্গীরপুরীতে একিউআই ছিল ৪১৭, যা ‘ভয়ানক’ পর্যায়ের। আইটিও এলাকায় সূচক পৌঁছয় ৩৪৯-এ। কয়েকটি কেন্দ্রে বাতাসের মান মাঝারি থাকলেও অধিকাংশ জায়গায় পরিস্থিতি ছিল খারাপ।
দিল্লির একিউআই (Delhi Air Quality)
গত শুক্রবার বৃষ্টির পর দিল্লির একিউআই নেমে ৬০ হয়েছিল। অক্টোবর মাসের হিসাবে গত চার বছরের মধ্যে সেটিই ছিল সবচেয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি। কিন্তু শনিবার সূচক বেড়ে ১১৭ এবং রবিবার ২৬১ হয়। সোমবার তা ৩০০-র গণ্ডি ছাড়িয়ে যায়।
দূষণ নিয়ন্ত্রণে ১ নভেম্বর থেকে দিল্লিতে চালু হয়েছে শীতকালীন কর্মপরিকল্পনা। শহরের সীমানায় বাইরের গাড়ির নথি পরীক্ষা করছেন আধিকারিকেরা। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনেই ১৪,৯৩০টি গাড়ি পরীক্ষা করে প্রায় ১০ শতাংশকে ফিরিয়ে দেওয়া হয়।
জরিমানা হয়েছে ৬৮ লক্ষ ৪০ হাজার টাকা, যার মধ্যে দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র না থাকার কারণে আদায় হয়েছে ৫৬ লক্ষ ৬০ হাজার টাকা। বিএস-৬ মানের চেয়ে পুরনো নির্দিষ্ট গাড়ির প্রবেশেও বিধিনিষেধ জারি রয়েছে।
উল্লেখ্য, একিউআই ৩০১-৪০০ হলে বাতাস ‘অতি খারাপ’ এবং ৪০১-৫০০ হলে ‘ভয়ানক’ বলে বিবেচিত হয়।


