Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্ত্তী: পাহাড় ও সিকিমের সঙ্গে উত্তরবঙ্গের সমতলের যোগাযোগের অন্যতম প্রধান লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক (National Highway 10) । অথচ এবার সেই গুরুত্বপূর্ণ সড়কেই জারি হচ্ছে রাতের বেলার যান চলাচলে নিষেধাজ্ঞা। আজ, ১৩ নভেম্বর থেকে আগামী এক মাস প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই জাতীয় সড়ক। অর্থাৎ, টানা ৯ ঘণ্টা এই পথে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। ১৩ ডিসেম্বর পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে পর্যটন মরশুমের মুখে এমন সিদ্ধান্তের ফলে কতটা সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ ও পর্যটকেরা?
৫২ কিলোমিটার রাস্তায় রাতের নিষেধাজ্ঞা (National Highway 10)
প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, সেবক করোনেশন ব্রিজ থেকে রংপো পর্যন্ত প্রায় ৫২.১ কিলোমিটার রাস্তা রাতের বেলায় বন্ধ রাখা হবে। সিকিম ও কালিম্পংয়ের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে এই রাস্তার গুরুত্ব অপরিসীম। প্রতিদিন অসংখ্য ছোট-বড় গাড়ি, পর্যটকের গাড়ি, পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী যানবাহন এই পথ ব্যবহার করে। ফলে রাতের বেলায় যান চলাচল বন্ধ থাকায় পরিবহণ ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্ষার ধস, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতই মূল লক্ষ্য (National Highway 10)
বর্ষার মরশুমে একাধিকবার ধস নেমে বিপর্যস্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। পাহাড়ি ঢাল থেকে পাথর ও মাটি নেমে আসার ফলে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে, কোথাও আবার তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। বর্ষার সময় যাতায়াত স্বাভাবিক রাখতেই বারবার মেরামতির কাজ করতে হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কিন্তু সামনে পর্যটন মরশুম। তার আগে রাস্তার স্থায়ী মেরামতি এবং নিরাপত্তা নিশ্চিত করতেই রাতের বেলায় যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যটন শিল্পে কতটা প্রভাব পড়বে? (National Highway 10)
শীতের মরশুমে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এই রাস্তা দিয়েই পাহাড়ে যাতায়াত করেন। ফলে রাতের বেলায় রাস্তা বন্ধ থাকলে পর্যটকদের গাড়ি চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনতে হবে। পাশাপাশি পরিবহণ ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী এবং পর্যটন পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনের উপরেও এর প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
সাধারণ মানুষের ভোগান্তি কমানোই চ্যালেঞ্জ
শুধু পর্যটন নয়, সিকিম ও কালিম্পংয়ের বহু স্থানীয় বাসিন্দার দৈনন্দিন যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ক্ষেত্রেও ১০ নম্বর জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহণের সময়সূচি নতুন করে সাজাতে হবে। জরুরি পরিষেবা ও বিশেষ প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রেও কী ব্যবস্থা থাকবে, তা গুরুত্বপূর্ণ।



