Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বজুড়ে মাইক্রোসফটের ক্লাউড ও অফিস (Microsoft Global Outage) পরিষেবায় বড়সড় প্রযুক্তিগত বিভ্রাটের জেরে বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ ব্যবহারকারী। মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক পরিষেবা ব্যাহত হওয়ায় ইমেল আদান-প্রদান থেকে শুরু করে অফিসের দৈনন্দিন কাজেও সমস্যা তৈরি হয়েছে। আউটলুক, মাইক্রোসফট টিমস এবং এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলট ব্যবহার করতে গিয়ে সমস্যার কথা জানিয়েছেন বহু গ্রাহক।
কী কী করা যাচ্ছে না? (Microsoft Global Outage)
পরিষেবা পর্যবেক্ষণকারী সংস্থা ডাউনডিটেক্টরের (Microsoft Global Outage) তথ্য অনুযায়ী, বিভ্রাটের সময় প্রায় ১ লক্ষ ৩০ হাজার ব্যবহারকারী সমস্যার অভিযোগ নথিভুক্ত করেন। অনেকেই জানিয়েছেন, আউটলুকে ঢোকা যাচ্ছে না, ইনবক্স খুলছে না এবং ইমেল পাঠানো বা গ্রহণ করাও সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: National Highway 10: এক মাস রাতের বেলা বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক! বিপাকে পর্যটক থেকে সাধারণ যাত্রী
মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, পরিকাঠামোর কিছু সার্ভারে স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষায় সমস্যা দেখা দেওয়ায় সেগুলি অপ্রত্যাশিতভাবে কাজ বন্ধ করে দেয়। ফলে সচল সার্ভারগুলির উপর অতিরিক্ত চাপ তৈরি হয় এবং বিভিন্ন পরিষেবার সংযোগে বিঘ্ন ঘটে।
কাজ করেনি সাময়িক সমাধান
প্রাথমিকভাবে সমস্যা সামাল দিতে কিছু পদক্ষেপ করা হলেও তা প্রত্যাশামতো কাজ করেনি। তাই ট্র্যাফিকের ভারসাম্য ফেরাতে বিকল্প ব্যবস্থা খুঁজছেন সংস্থার প্রযুক্তিবিদরা। মেরামতের কাজে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে মাইক্রোসফট।


