Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আখভান’ (Cyclone Akhvan)এই ঘূর্ণিঝড়কে ঘিরে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আখভান। ২০ নভেম্বর দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তার। এর প্রভাব পড়তে চলেছে বাংলাতেও। বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে আখভান (Cyclone Akhvan)
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে ঘূর্ণিঝড়ের আকারে থাকা আখভান মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বুধবার থেকে এর শক্তি আরও বাড়বে। বৃহস্পতিবার অর্থাৎ ১৯ নভেম্বর অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পূর্বাভাস’ (Cyclone Akhvan)।
ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া (Cyclone Akhvan)
২০ নভেম্বর দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। নেল্লোর ও তুন্নির মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারে।
বুধবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া (Cyclone Akhvan)
মঙ্গলবার বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে বজ্রপাত এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
শুক্রবার ও শনিবার দুর্যোগের আশঙ্কা (Cyclone Akhvan)
শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। শনিবারও রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ শুক্রবারের তুলনায় কিছুটা কমতে পারে। রবিবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা (Cyclone Akhvan)
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। তাই ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টির প্রভাব কম থাকবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস।



