Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষদের কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে নতুন উদ্যোগের কথা ঘোষণা করল রাজ্য সরকার (Transgender Employment)। এবার বাড়ি বাড়ি গিয়ে বকেয়া পুরকর আদায়ের কাজে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে কলকাতা, হাওড়া ও বিধাননগর পুরনিগমে এই প্রকল্প চালু করার ভাবনা রয়েছে। পরবর্তীতে রাজ্যের অন্যান্য পুরসভাতেও ধাপে ধাপে এই উদ্যোগ সম্প্রসারণ করা হবে। বুধবার রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল এই পরিকল্পনার কথা জানান।
‘বৃহন্নলা ব্রিগেড’, নতুন কর্মসংস্থানের ভাবনা (Transgender Employment)
প্রস্তাবিত প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘বৃহন্নলা ব্রিগেড’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। তাঁর বক্তব্য, তৃতীয় লিঙ্গের মানুষদের মূলস্রোতের জীবন ও জীবিকার সঙ্গে যুক্ত করতে সরকারি স্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের পুরকর আদায়ের কাজে অফিসার হিসেবে দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে।
প্রথম পর্যায়ে কলকাতা, হাওড়া ও বিধাননগর পুরনিগমে এই প্রকল্প শুরু হতে পারে। পরবর্তী সময়ে রাজ্যের অন্যান্য পুরসভাতেও প্রশিক্ষিত কর্মীদের নিয়োগ করা হবে। তবে তাঁদের স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হবে, নাকি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে দায়িত্ব দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
সামাজিক সুরক্ষা থেকে কর্মসংস্থানের পথে (Transgender Employment)
এতদিন তৃতীয় লিঙ্গের মানুষের বিভিন্ন বিষয় মূলত সামাজিক সুরক্ষা বিভাগের আওতায় পরিচালিত হত। এবার পুর ও নগরোন্নয়ন দপ্তরের মাধ্যমে কর্মসংস্থানমূলক প্রকল্প চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ট্রাফিক সিগন্যালে সাহায্য চাইতে দেখা বহু তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে শিক্ষিত ও উচ্চশিক্ষিত ব্যক্তিও রয়েছেন। তাঁদের জীবিকার সুযোগ তৈরি করা প্রয়োজন।
আরও পড়ুন: Abhishek Banerjee: রক্ষাকবচের মেয়াদ শেষ, এবার আদালতের কাছে কী আর্জি অভিষেকের
রাজ্যে কত তৃতীয় লিঙ্গের মানুষ?
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গে নথিভুক্ত তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা ছিল ৩০,৩৪৯। তাঁদের মধ্যে তফসিলি জাতিভুক্ত ৬,৪৭৪ জন এবং তফসিলি উপজাতিভুক্ত ১,৪৭৪ জন ছিলেন। বর্তমানে এই সংখ্যা আরও বেড়েছে বলে সমাজকল্যাণ দপ্তরের দাবি।



