Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ দু’মাসের লড়াইয়ের অবশেষে মৃত্যু (Honeymoon Tragedy) হল নিকিতা সাহার। দার্জিলিংয়ের সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার এই নববধূ। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিত মহলে।
কবেকার ঘটনা? (Honeymoon Tragedy)
ঘটনাটি ঘটেছিল (Honeymoon Tragedy) গত ১৩ সেপ্টেম্বর। বিয়ের পর স্বামী সমীরকে সঙ্গে নিয়ে সিটংয়ের একটি হোমস্টেতে বেড়াতে গিয়েছিলেন নিকিতা। অভিযোগ, রাতে সেখানে বারবিকিউ বা ক্যাম্পফায়ারের আয়োজন করা হয়েছিল। বৃষ্টির মধ্যে আগুনের শিখা কমে আসায় তা বাড়ানোর চেষ্টা করা হয়। সেই সময় কেরোসিন ভেবে আগুনে অত্যন্ত দাহ্য একটি রাসায়নিক তরল ঢেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আর তাতেই মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নেয় আগুন। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে নিকিতার শরীরে।
পুড়ে যায় ৬০ শতাংশ
এই দুর্ঘটনায় তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন স্বামী সমীরও। গুরুতর আহত নিকিতাকে প্রথমে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর চিকিৎসা চলে কলকাতার বাঙ্গুর হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চার দিন আগে তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা এবং পরিবারের আশার মধ্যেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হল না। টানা দু’মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার চিরবিদায় নিলেন নিকিতা।


