Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচে হারের পর টানা চার জয়। ISL-এর পয়েন্ট টেবিলের শীর্ষে এখন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। সামনে ২৯ নভেম্বর মর্যাদার কলকাতা ডার্বি। তার আগে রবিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। আন্তর্জাতিক বিরতির পর দলের ছন্দ ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসের। তাই ডার্বির আগে চার্চিল ম্যাচকেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন তিনি।
শুক্রবার সাংবাদিক বৈঠকে দলের প্রস্তুতি ও ফুটবলারদের পরিস্থিতি নিয়ে কথা বলেন মোহনবাগান কোচ। চোটের কারণে এই ম্যাচেও পাওয়া যাবে না মিগুয়েল ফিগুয়েরাকে। তবে তরুণ স্ট্রাইকার সুহেল আহমেদ ভাটের সাম্প্রতিক ফর্মে আশাবাদী প্যানোস। SAFF কাপে ভারতের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর রবিবার কি মোহনবাগানের প্রথম একাদশে জায়গা পাবেন সুহেল?
প্রথম একাদশে সুযোগ পাবেন সুহেল? (Mohun Bagan)
SAFF কাপে দুরন্ত ছন্দে ছিলেন সুহেল। ভারতের হয়ে একাধিক ম্যাচে গোল করে নজর কেড়েছেন তিনি। তবে তারকাখচিত মোহনবাগানের প্রথম একাদশে এখনও নিয়মিত জায়গা হয়নি তরুণ স্ট্রাইকারের। চার্চিল ম্যাচে কি সেই ছবির বদল ঘটবে? সরাসরি কিছু না জানালেও সুহেলের প্রশংসা করেছেন প্যানোস।
কোচের কথায়, “সুহেল দলের গুরুত্বপূর্ণ সদস্য। ডুরান্ড কাপ ও কলকাতা লিগে অনেকটা খেলার সুযোগ পেয়েছে ও। ISL-এ নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচে স্কোরলাইন যখন ০-০ ছিল, তখনও লিস্টনের বদলে সুহেলকে নামিয়েছিলাম। ফিনিশিং আরও ভালো করার জন্য কঠোর পরিশ্রম করছে ও। সঠিক সময়ে খেলার সুযোগ পাবে।”
মিগুয়েল নেই, স্বস্তি আপুইয়া-ম্যাকলারেনদের ফিটনেসে (Mohun Bagan)
চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মিগুয়েল ফিগুয়েরাকে পাচ্ছে না মোহনবাগান। এখনও পুরোপুরি ফিট নন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আগামী সপ্তাহে অনুশীলনে ফিরতে পারেন তিনি বলে জানিয়েছেন প্যানোস।
তবে আন্তর্জাতিক বিরতিতে বেশ কয়েকজন ফুটবলার ফিট হয়ে ওঠায় স্বস্তিতে সবুজ-মেরুন কোচ। আপুইয়া, জেমি ম্যাকলারেন ও লি এরউইন এখন খেলার জন্য প্রস্তুত। সম্প্রতি একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে মোহনবাগান। সেই ম্যাচে ফুটবলারদের পারফরম্যান্স দেখেই চার্চিলের বিরুদ্ধে প্রথম একাদশ বেছে নিয়েছেন প্যানোস।
তিনি বলেন, “সোমবার প্রস্তুতি ম্যাচে ফুটবলারদের ৪০ থেকে ৬০ মিনিট খেলার সুযোগ দিয়েছিলাম, যাতে ম্যাচ ফিটনেস বজায় থাকে। সেই পারফরম্যান্স দেখেই রবিবারের ম্যাচের দল নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস, লিস্টন বা কিয়ান—যাকেই খেলাই না কেন, ভালো পারফর্ম করবে।”
ডার্বি নয়, আপাতত প্যানোসের নজরে চার্চিল (Mohun Bagan)
কলকাতা ডার্বির আগে মোহনবাগান সমর্থকদের চিন্তার কারণ ডিফেন্ডার আলবার্তোর তিনটি হলুদ কার্ড। চার্চিল ম্যাচে আরও একটি হলুদ কার্ড দেখলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। তবে এখনই ডার্বি নিয়ে ভাবতে নারাজ পানোস। তাঁর কাছে আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ রবিবারের ম্যাচ।
চলতি ISL-এ চারটি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে গোয়ার দল চার্চিল ব্রাদার্স। প্রতিপক্ষের দুর্বল রক্ষণকে কাজে লাগিয়ে গোলসংখ্যা বাড়ানোর চেয়ে তিন পয়েন্ট নিয়ে ফেরাই মোহনবাগানের প্রধান লক্ষ্য।
ঘরের মাঠে ফিরছেন লিস্টন (Mohun Bagan)
চার্চিলের বিরুদ্ধে ম্যাচে নজর থাকবে লিস্টন কোলাসোর দিকেও। গোয়ার মাঠ তাঁর পরিচিত (Mohun Bagan)। সেখানে পুরনো সতীর্থদের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। তবে এই ম্যাচ নিয়ে বাড়তি চাপ নিতে রাজি নন লিস্টন। বরং পরিচিত পরিবেশে খেলাটা উপভোগ করতে চান।
লিস্টনের কথায়, “আমার উপরে কোনও চাপ নেই। নিজের ঘরে ফিরছি। এফসি গোয়া ডেভেলপমেন্ট টিমে যাঁরা আমার পুরনো সতীর্থ ছিলেন, তাঁদের বিরুদ্ধেই রবিবার খেলব। তাই ম্যাচটা উপভোগ করতে চাই।”
আরও পড়ুন: Vincent Kompany: অসুস্থতা কাটিয়ে ডাগআউটে ফিরছেন কোম্পানি, বায়ার্ন শিবিরে স্বস্তি
এখন দেখার, আন্তর্জাতিক বিরতির পর ছন্দ ধরে রেখে চার্চিলের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারে কি না পানোসের মোহনবাগান।



