Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল (East Bengal IWL)। সোমবার কল্যাণী স্টেডিয়ামে কিকস্টার্ট এফসি-কে ১-০ গোলে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল গত মরশুমের চ্যাম্পিয়নরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই উগান্ডার ফরোয়ার্ড রেস্টি নানজ়িরির করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে লাল-হলুদ। ফলে এ বারও খেতাব ধরে রাখার লক্ষ্যে দারুণ শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
দ্বিতীয় মিনিটেই নানজিরির গোল (East Bengal IWL)
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন উগান্ডার ফরোয়ার্ড রেস্টি নানজিরি। শুরুতেই গোল পেয়ে যাওয়ায় আত্মবিশ্বাস বেড়ে যায় লাল-হলুদের। পরবর্তী সময়েও বলের দখল এবং আক্রমণে এগিয়ে ছিল তারা। গোলের লক্ষ্যে মোট ন’টি শট নেয় ইস্টবেঙ্গল। অন্য দিকে, কিকস্টার্টের শটের সংখ্যা ছিল পাঁচ। তবে ব্যবধান আর বাড়াতে পারেনি লাল-হলুদ।

পুরনো হারের জবাব দিল লাল-হলুদ (East Bengal IWL)
এই জয় ইস্টবেঙ্গলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, গত মে মাসের শুরুতে এই কিকস্টার্টের কাছেই ১-২ গোলে হেরে গিয়েছিল তারা। সেই হারের ফলে থেমে গিয়েছিল লাল-হলুদের টানা ন’টি ম্যাচে জয়ের দৌড়। এ বার সেই প্রতিপক্ষকেই হারিয়ে পুরনো হারের মধুর প্রতিশোধ নিল ইস্টবেঙ্গল।

খেতাব ধরে রাখার লড়াইয়ে ভালো শুরু (East Bengal IWL)
১৩ নভেম্বর গোকুলাম কেরালা এফসি-কে ১-০ গোলে হারিয়ে লিগ অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal IWL)। এ বার কিকস্টার্টকে হারিয়ে পরপর দু’টি ম্যাচে জয় পেল তারা। দু’টি ম্যাচেই গোলের ব্যবধান এক হলেও রক্ষণে ধারাবাহিকতা বজায় রেখেছে লাল-হলুদ। ফলে খেতাব ধরে রাখার লড়াইয়ে আপাতত আত্মবিশ্বাসী দেখাচ্ছে গত মরশুমের চ্যাম্পিয়নদের।

আরও পড়ুন: Shubman Gill: সিরাজকে বাদ দেওয়ার কারণ ফাঁস গিলের, থুতু ব্যবহারের পক্ষেও সওয়াল!
পরপর দুই ম্যাচে হার কিকস্টার্টের (East Bengal IWL)
অন্য দিকে, মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি কিকস্টার্ট এফসির। ১৪ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে সেতু মাদুরাইয়ের কাছে ১-২ গোলে হেরেছিল কর্নাটকের দল। এ বার ইস্টবেঙ্গলের কাছেও হারতে হল তাদের। ফলে পরপর দু’টি ম্যাচে পরাজয়ের মুখ দেখে লিগ অভিযান শুরু করল কিকস্টার্ট।



