Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: যুদ্ধবিরতির মধ্যেও থামছে না গাজায় মৃত্যুমিছিল। ফের ভয়াবহ বিমান হামলা চালাল ইজরায়েলি সেনা (Israeli Strike On Gaza)। মঙ্গলবার গাজার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। মৃতদের মধ্যে রয়েছেন হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধান নাইম আবু নাহেল। ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। গাজার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তরফে এই মৃত্যুর খবর জানানো হয়েছে। ফলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, আমেরিকার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে।

নিশানায় হামাসের নিরাপত্তা প্রধান (Israeli Strike On Gaza)
হামাস-পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, গাজার পশ্চিমাঞ্চলে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধান নাইম আবু নাহেলকে লক্ষ্য করেই হামলা চালায় ইজরায়েলি সেনা। মঙ্গলবারের সেই অভিযানে মৃত্যু হয় ৫০ বছর বয়সি এই নেতার। গত সেপ্টেম্বর থেকেই তিনি ওই দায়িত্ব সামলাচ্ছিলেন। এর আগে তাঁর পূর্বসূরিকে ইজরায়েলি বাহিনীর একটি অভিযানে আটক করা হয়েছিল। ইজরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও নাহেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
অন্যান্য এলাকাতেও বিমান হামলা, বাড়ছে উদ্বেগ (Israeli Strike On Gaza)
শুধু পশ্চিম গাজা নয়, উপত্যকার অন্যান্য এলাকাতেও আরও দু’টি বিমান হামলা চালায় ইজরায়েল। তাতে মৃত্যু হয়েছে আরও ছ’জনের। গাজার স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, উপত্যকায় অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করতেই পুলিশ বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা আরও অনিশ্চিত হয়ে পড়ছে।
যুদ্ধবিরতি সত্ত্বেও কেন থামছে না সংঘর্ষ? (Israeli Strike On Gaza)
২০২৫ সালের অক্টোবরে আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সেই চুক্তির পরেও সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি। ইজরায়েলের অভিযোগ, হামাস ফের নিজেদের সংগঠিত করার পাশাপাশি অস্ত্র সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। সেই কারণেই নিরাপত্তার স্বার্থে বারবার অভিযান চালাতে হচ্ছে তাদের। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হামাস। তাদের দাবি, তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। বরং ইজরায়েলই বারবার চুক্তি লঙ্ঘন করছে।
৭৪ হাজারের বেশি মৃত্যু, ভয়াবহ মানবিক সংকটে গাজা
পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার ৬০০ প্যালেস্তিনীয় এবং পাঁচজন ইজরায়েলি সেনা। বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইজরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। হামাসের নিয়ন্ত্রণে রয়েছে উপকূলীয় অঞ্চলের সামান্য একটি অংশ।
আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে গাজায় ইজরায়েলি সামরিক অভিযানে ৭৪ হাজারেরও বেশি প্যালেস্তিনীয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। দীর্ঘ সংঘর্ষে বিপর্যস্ত সেখানকার জনজীবন। তীব্র খাদ্যসংকট, আশ্রয়ের অভাব এবং চিকিৎসা পরিষেবার অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন অসংখ্য মানুষ। বহু পরিবারকে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে। ইজরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগও উঠেছে। সব মিলিয়ে যুদ্ধবিরতির পরেও গাজায় শান্তি অধরা। প্রশ্ন উঠছে, কবে শেষ হবে এই রক্তক্ষয়ী সংঘর্ষ? কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন গাজার সাধারণ মানুষ?



