Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে কার্যত দিশেহারা সাধারণ মানুষ (Market Raid)। সবজি, আনাজপাতি থেকে শুরু করে রান্নার তেল, চিনি—প্রতিটি পণ্যের দামই যেন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে সরষের তেল ও চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, কোনওভাবেই কালোবাজারি বা অবৈধ মজুতদারি বরদাস্ত করা হবে না। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই বুধবার সকাল থেকে অ্যাকশন মোডে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বাজারে হানা (Market Raid)
বুধবার সকালে কলকাতার কোলে মার্কেট ও লেক মার্কেটে অভিযান চালান ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খতিয়ে দেখেন তাঁরা। বিশেষ নজর ছিল চিনি, সরষের তেল-সহ একাধিক অত্যাবশ্যকীয় সামগ্রীর উপর। খুচরো বাজারে কোন পণ্য কত দামে বিক্রি হচ্ছে, ব্যবসায়ীরা কী দামে সামগ্রী কিনছেন এবং বিক্রির ক্ষেত্রে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে কি না, সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করেন আধিকারিকরা। শুধু ব্যবসায়ীদের সঙ্গেই নয়, বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। বাজারদর নিয়ে তাঁদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন(Market Raid)।
এক সপ্তাহে সরষের তেলের দাম ১৭০ থেকে ২২০ টাকা! (Market Raid)
বাজারে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে সরষের তেলের দাম। মুখ্যমন্ত্রীর বৈঠকে উঠে এসেছে, মাত্র এক সপ্তাহের মধ্যে কীভাবে সরষের তেলের দাম ১৭০ টাকা থেকে বেড়ে ২২০ টাকারও বেশি হয়ে গেল? এই আকস্মিক মূল্যবৃদ্ধির কারণ জানতে ব্যবসায়ী সংগঠনগুলির কাছে ব্যাখ্যা চেয়েছেন মুখ্যমন্ত্রী। একইভাবে চিনির দাম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
পুজোর সময় যে চিনির দাম ৫৫ টাকায় বেঁধে দেওয়া হয়েছিল, সেই চিনিই বর্তমানে খুচরো বাজারে ৬৮ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ। দাম একবার কমার পর ফের কী কারণে তা বাড়ল, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বাজারে কোনও কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেটে টান দেওয়ার চেষ্টা হলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
তিন দিনের সময়সীমা, তারপর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি (Market Raid)
মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী ব্যবসায়ী সংগঠনগুলিকে তিন দিনের সময়সীমা দিয়েছেন বলে জানা গিয়েছে। এই সময়ের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম না কমলে রাজ্য সরকার কঠোর অবস্থান নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশ ও প্রশাসনকে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
নজরদারিতে প্রশাসন, স্বস্তি ফিরবে মধ্যবিত্তের বাজারে?
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরদিনই ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের বাজার অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে শুধু অভিযান চালিয়েই কি বাজারদরে লাগাম পরানো সম্ভব? নাকি এর জন্য প্রয়োজন নিয়মিত নজরদারি এবং কালোবাজারির বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা? আপাতত সেই দিকেই নজর সাধারণ মানুষের। কারণ বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সময় মধ্যবিত্তের একটাই প্রত্যাশা—আকাশছোঁয়া দাম কমুক, স্বস্তি ফিরুক সংসারের খরচে।



