Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিনের জল্পনার অবসান, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বিয়ে নিয়ে এতদিন মুখে কুলুপ আঁটলেও, এবার প্রকাশ্যে এসেছে তাঁর বিয়ের নানা আয়োজন। হবু বর সিদ্ধার্থ দত্তকে নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা।
জল্পনার অবসান, বিয়ের প্রস্তুতিতে মিমি (Mimi Chakraborty)
এই মুহূর্তে টলিউডের অন্যতম চর্চিত নাম মিমি চক্রবর্তী। অভিনয় থেকে রাজনীতি, বিভিন্ন সময়েই নানা কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। তবে এবার তাঁকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু তাঁর ব্যক্তিগত জীবন। বিয়ের প্রসঙ্গ উঠলেই এতদিন কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন মিমি। কখনও সরাসরি সম্মতি, আবার কখনও অস্বীকারও করেননি। বরং জানিয়েছিলেন, সময় এলেই সবাই সব জানতে পারবেন। সম্প্রতি তাঁর বিয়ের অভিনব আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসতেই নতুন করে জল্পনা ছড়ায়। কার্ডে হবু বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছে তাঁদের আদরের পোষ্যরাও।
কে এই হবু বর সিদ্ধার্থ দত্ত? (Mimi Chakraborty)
টলিউডের অন্দরমহলে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে মিমির জীবনসঙ্গীর নাম। সূত্রের খবর, সিদ্ধার্থ দত্ত পেশায় মেরিন ইঞ্জিনিয়ার এবং নৌসেনায় কর্মরত। চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর সরাসরি কোনও যোগ নেই। দীর্ঘদিন ধরেই মিমি ও সিদ্ধার্থ সম্পর্কে রয়েছেন বলে খবর। তবে নিজেদের সম্পর্ক বরাবরই ব্যক্তিগত পরিসরে রেখেছেন দু’জনেই। অভিনেত্রীর মামা জলপাইগুড়ির বাসিন্দা রাম চক্রবর্তীও মিমির বিয়ে নিয়ে মুখ খুলেছেন বলে জানা গিয়েছে।
কলকাতায় আইনি বিয়ে, পাহাড়ে তিন দিনের অনুষ্ঠান
সূত্রের খবর, বৃহস্পতিবার ২৬ নভেম্বর কলকাতার কসবার ফ্ল্যাটে আইনি বিয়ে সারতে চলেছেন মিমি। একই দিনে আংটিবদলের অনুষ্ঠানও হওয়ার কথা। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং টলিউডের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হবে বিশেষ আয়োজন। অতিথি তালিকায় অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং পোশাকশিল্পী অভিষেক রায়ের মতো পরিচিত নামও শোনা যাচ্ছে।
৫ ডিসেম্বর কালিম্পংয়ে বিয়ের আসর (Mimi Chakraborty)
কলকাতায় আইনি বিয়ের পর এবার পাহাড়ে বিয়ের মূল অনুষ্ঠান। আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে তিন দিনব্যাপী বিয়ের আয়োজন করার খবর সামনে এসেছে। পাহাড়ের শীতল আবহে পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে নতুন জীবনের পথে পা রাখবেন মিমি ও সিদ্ধার্থ। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় বসবে তাঁদের রিসেপশনের আসর। সেখানে উপস্থিত থাকার কথা টলিউডের বন্ধু, সহকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের।
আরও পড়ুন: Weather Update: পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে দক্ষিণবঙ্গের পারদ, শীতের প্রবেশ বাংলায়?
বিয়ের কেনাকাটায় ব্যস্ত অভিনেত্রী
বিয়ের প্রস্তুতিও নাকি ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে। সম্প্রতি শহরের একটি নামী অলঙ্কার বিপণিতে কেনাকাটা করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের কলকাতার স্টোর থেকেও মিমির বিয়ের কেনাকাটার ভিডিও প্রকাশ্যে এসেছে। জলপাইগুড়ি থেকে তাঁর মা-বাবাও আগেভাগেই কলকাতায় চলে এসেছেন বলে খবর।



