Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মিশরের রাজধানী কায়রোয় ভয়াবহ পথ দুর্ঘটনা থেকে ঘটে গেল মর্মান্তিক অগ্নিকাণ্ড (Cairo Accident)। ব্যস্ত হাইওয়ের উপর জ্বালানিভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ করে জ্বলতে শুরু করে একের পর এক গাড়ি ও মোটর সাইকেল। আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশের এলাকাও। এই ভয়াবহ ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল জ্বালানিভর্তি ট্রাক (Cairo Accident)
মিশরের কায়রোর আল-ওয়ারক এলাকায় কায়রো রিং রোডে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ব্যস্ত রাস্তা ধরে দ্রুতগতিতে যাচ্ছিল জ্বালানিভর্তি একটি ট্রাক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। ট্রাক থেকে জ্বালানি ছড়িয়ে পড়তেই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা একাধিক গাড়ি ও মোটর সাইকেলে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, গাড়ির ভিতরে থাকা বহু মানুষ বেরিয়ে আসার সুযোগটুকুও পাননি।
কালো ধোঁয়ায় ঢাকল আকাশ (Cairo Accident)
সংবাদ সংস্থা AFP-র প্রকাশিত ভিডিওতে উঠে এসেছে দুর্ঘটনার ভয়াবহ ছবি। দেখা গিয়েছে, হাইওয়ের উপর দাউদাউ করে জ্বলছে আগুন। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আটকে পড়া গাড়ি থেকে একটানা হর্ন বাজলেও বেরিয়ে আসার কোনও পথ ছিল না। একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শুধু রাস্তায় থাকা যানবাহনই নয়, আগুনের গ্রাস থেকে রেহাই পায়নি আশপাশের কয়েকটি বাড়ি ও বিল্ডিংও।
৩৯টি অ্যাম্বুল্যান্স পাঠাল প্রশাসন (Cairo Accident)
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন। মিশরের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ঘটনাস্থলে মোট ৩৯টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছিল। আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনাস্থলে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দেল গফর। হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেন তিনি।
মৃতদের পরিচয় জানতে DNA পরীক্ষা (Cairo Accident)
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মিশরের সরকারি কৌঁসুলির দফতর। আগুনে বহু মানুষের দেহ এতটাই ঝলসে গিয়েছে যে তাঁদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। মৃতদের পরিচয় নিশ্চিত করতে DNA পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Suvendu Adhikari: বাংলার সড়ক যোগাযোগে এবার আসতে চলেছে আমূল পরিবর্তন
বারবার পথ দুর্ঘটনা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
উল্লেখযোগ্যভাবে, মিশরে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নতুন নয়। গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে সেই সংখ্যাটা ছিল প্রায় ৫২০০। চলতি বছরের অগাস্ট মাসেও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছিল। পরপর এমন দুর্ঘটনা স্বাভাবিকভাবেই মিশরের সড়ক নিরাপত্তা, যানবাহনের নিয়ন্ত্রণ এবং বিপজ্জনক জ্বালানি পরিবহণের ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। কায়রোর এই মর্মান্তিক অগ্নিকাণ্ড আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সামান্য অসতর্কতা বা নিয়ন্ত্রণ হারানোর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।



